২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বস্ত্র কারখানায় আগুন

গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে সোমবার একটি বস্ত্র কারখানায় আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 11:53 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

গাজীপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্পনগরীতে সোমবার একটি বস্ত্র কারখানায় আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে তমিজ উদ্দিন টেক্সটাইল নামের কারখানটির 'ব্লু রুমে' আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এক ঘণ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের জেষ্ঠ কর্মকর্তা আবু জাফর আহমেদ সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। 'ব্লু রুমে' তুলা থাকায় আগুন মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানা কর্তৃপক্ষের দাবি, আগুনে তিন হাজার কেজি তুলা পুড়ে গেছে। এছাড়া যন্ত্রপাতি পুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে তাদের কারখানায় ঢুকতে দেওয়া হয়নি। কারখানার রক্ষণাবেক্ষণ কর্মকর্তা সব্যসাচী জানান, আরো কয়েকবার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে তিনি ক্ষয়ক্ষতির পরিমান জানাতে অপরাগতা প্রকাশ করেন। সাংবাদিকদের কারখানায় ঢুকতে না দেওয়ার ব্যাপারে সব্যসাচী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সাংবাদিকদের ভেতরে যেতে দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫১ ঘ.