ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটির কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
এটি সকাল ০৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৫৪০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৪৫০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৫৩৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো।
নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
বুলেটিনে জানানো হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ০১ নম্বর নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে বুলেটিনে।
এছাড়া গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উত্তর বঙ্গোপসাগরে এসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৯০৩ ঘ.
bdnews24