কক্সবাজার, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৩৮ জেলেসহ চারটি মাছধরা ট্রলার নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী।
বুধবার সকালে ওই সময় জেলেরা সেন্টমার্টিনের পশ্চিমে বঙ্গোপসাগরে বাংলাদেশের পানিসীমায় মাছ শিকার করছিলেন।
অপহৃতদের মুক্তির বিনিময়ে নাসাকারা ১২ লাখ টাকা দাবি করেছে।
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, সকাল ১০টার দিকে ট্রলারের ৩৮ জন জেলেকে অস্ত্রের ভয় দেখিয়ে মিয়ানমার নিয়ে যায়।
ট্রলারগুলোর মালিক হলেন- টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার মুহিবুল্লাহ, পশ্চিম বাজার পাড়ার মো. কাসিম, ঘোলা পাড়ার শামসু আলম ও হাকিম আলী।
শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমিতির সভাপতি দীল মোহাম্মদ জানান, ট্রলার ও মাঝিমাল্লাদের ফেরত দিতে ১২ লাখ টাকা দাবি করছে নাসাকা।
কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ ক্যাম্পের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, তারা বিকালে বিষয়টি শুনেছেন। অপহৃত জেলেদের এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫১ ঘ.
bdnews24