২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূর লাশ নারায়ণগঞ্জে; বগুড়ায় গায়ে আগুন, বরিশালে এসিড

নারায়ণগঞ্জে স্বামীর বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বগুড়ায় এক নারীর গায়ে তার স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরিশালে শ্বশুরবাড়িতে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন আরেক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে স্বামীর বাড়ি থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বগুড়ায় এক নারীর গায়ে তার স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বরিশালে শ্বশুরবাড়িতে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন আরেক নারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, আড়াইহাজার উপজেলার সদাসদি ইউনিয়নের সদাসদি দক্ষিণপাড়া গ্রামে রুবি বেগমকে (৩০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে রুবির স্বামী, সতীন ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক। রুবির পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গত জানুয়ারি মাসে হারুনূর রশিদের সঙ্গে রুবির বিয়ে হয়। রুবির ছোট ভাই রাজু মোল্লা সাংবাদিকদের জানান, রশিদের আরেক স্ত্রীও ছিলো। ওই স্ত্রীর ঘরে চারটি সন্তানও রয়েছে। রাজু বলেন, "দ্বিতীয় স্ত্রী রুবিকে তার সতীন মেনে নিতে পারেনি। প্রায়ই ঝগড়া হতো। তাই রুবিকে আলাদা ঘর ভাড়া করে দেয় তার স্বামী। সে ঘরেই আজ বেলা ১১টায় সতীনের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তার ছেলে-মেয়েরা মিলে রুবিকে শ্বাসরোধে হত্যা করে লাশ জানালার সঙ্গে ঝুলিয়ে রাখে।" আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) ওসমান মিয়া সাংবাদিকদের বলেন, জানালায় সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় রুবির লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ অভিযোগ তদন্ত করছে। বগুড়া প্রতিনিধি জানান, যৌতুকের দাবিতে হাত-পা বেঁধে রিমা আকতারের (১৯) গায়ে তার স্বামী মোহাম্মদ কালাম আগুন ধরিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাবতলী উপজেলার বালিয়াদিঘী গ্রামে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে রিমার বাবা আব্দুস সালাম জানান। রিমাকে বগুড়াকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ শুক্রবার সাংবাদিকদের বলেন, রিমা এখনো শঙ্কামুক্ত নন। আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, সাত মাস আগে রিমার বিয়ে হয়। বিয়ের পর কালাম ৬০ হাজার টাকা যৌতুক দাবি করলে ৫০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকার জন্য রিমাকে চাপ দিয়ে আসছিলো। যৌতুকের জন্যই রিমার গায়ে আগুন ধরিয়ে দিয়ে কালাম বাড়ি থেকে পালিয়ে যায় বলে সালাম দাবি করেছেন। তিনি বলেছেন, এ জন্য তিনি থানায় মামলা করবেন। বরিশাল প্রতিনিধি জানান, বাখেরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে রেবা বেগমকে (২৫) এসিডে ঝলসে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রেবাকে শুক্রবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে। রেবার স্বামী শহীদুল ইসলাম কুয়েতপ্রবাসী। রেবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালে একই ইউনিয়নের শহীদুলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামী বিদেশ চলে যাওয়ার পর থেকে ১ লাখ টাকা যৌতুকের জন্য শ্বশুরবাড়ির লোকজন তার ওপর নির্যাতন চালিয়ে আসছিলো। রেবা বলেন, "স্বামীর বাড়ি থেকে চলে যেতে বলা হলেও আমি না যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ মিলে আমার গায়ে এসিড ঢেলে দেয়।" তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি বলে জানিয়েছেন বাখেরগঞ্জ থানার ওসি সাইফুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৫ ঘ.