সাভার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটি চার ঘণ্টা পরও উদ্ধার হয়নি।
দুর্ঘটনা কবলিত বাসটির এক যাত্রী হাসপাতালে মারা গেছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে পুলিশ জানিয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ডুবে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি।
বাসটি উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরীদের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল যোগ দিয়েছে বেলা ৩টার দিকে।
ডুবে যাওয়ার সময় বাসটি থেকে বেরিয়ে আসা একজন সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতালের চিকিৎসক নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৫-২৬ বছর বয়সী একটি মেয়েকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়েছে।
সাভার থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নিহত মনোয়ারা হোসেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষে ছাত্রী।
তার লাশ এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।
ঘটনাস্থলে উপস্থিত ঢাকার জেলা প্রশাসক মো. মোহিবুল হক সাংবাদিকদের জানিয়েছেন, নদীতে প্রচুর স্রোত। বেলা সাড়ে ৩টা পর্যন্ত বাসটির সন্ধান মেলেনি। তা উদ্ধারে সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দলও কাজ শুরু করেছে।
মাঝে উদ্ধার অভিযানে কর্তৃপক্ষ ঢিলেমি করছে- এ অভিযোগে বিক্ষোভরত স্থানীয়দের লাঠিপেটা করেছে র্যাব।
বাসটি ডুবে যাওয়ার সময় আটজন যাত্রী উঠে আসতে সক্ষম হয়েছিলেন।
তাদের একজন তপন (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তিনি বেরিয়ে আসার সময় বাসটিতে ৪০-৫০ জন আটকা পড়ে ছিলেন।
রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ডুবে যাওয়া ওই বাস উদ্ধার কাজ তদারকিতে প্রশাসনের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতারাও নেমে পড়েছেন।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি সেলিম আহমেদ দুপুর আড়াইটার দিকে জানান, কয়েক হাজার লোক রাস্তায় জড়ো হয়েছে। মাত্র তিনজন ডুবুরী বাসটির সন্ধান চালানোয় এবং ঘটনার দুই ঘণ্টা পরও বাসটির কোনো সন্ধান না মেলায় স্থানীয়রা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন র্যাব তাদের লাঠিপেটা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচএ/এজে/এমআই/১৫৫০ ঘ.
bdnews24