ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে পল্লবী থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সোমবার আদালতে মামলা করেছেন ফুটপাতের এক ক্ষুদ্র ব্যবসায়ী।
দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২/১,পূর্ব আহমেদনগর পাইকপাড়া, মীরপুরের মো. মোশারফ হোসেন পল্লবী থানার এসআই মো. ইয়াকুব এবং এ এস আই আ. লতিফের বিরুদ্ধে এ মামলা করেন।
মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপি মামলাটি সরাসরি আমলে না নিয়ে আগামী ১০ ফেব্র"য়ারির মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশকে ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, মীরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পাশের ফুটপাতে বাদির দোকান থেকে তার জাতীয় পরিচয়পত্র, মোবাইল সেট ও ২০ হাজার টাকা নিয়ে নেন অভিযুক্তরা। এসময় বাদি বাধা দিলে ওই পুলিশ কর্মকর্তারা ক্রসফায়ারের ভয় দেখান এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা দিতে ব্যর্থ হলে পুলিশ কর্মকর্তারা তাকে থানায় নিয়ে মারধর করেন বলে বাদির অভিযোগ।
পরে বাদির স্ত্রীর সঙ্গে ৪০ হাজার টাকায় বিষয়টি রফা হয় বলে আরজিতে দাবি করা হয়েছে। 'প্রাণ বাঁচানোর তাগিদে' ওই টাকা দেওয়া হয় বলে বাদি আরজিতে উল্লেখ করেন।
পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বলেন,"আমিতো এ বিষয়ে কিছু জানি না। আমার কাছে আদালত থেকে এখনও কোনও কাগজ আসেনি।"
এ বিষয়ে অভিযুক্ত উপ-পরিদর্শক ইয়াকুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটা পুরো সাজানো। কয়েকদিন আগে লোকটিকে (মামলার বাদী) ইস্টার্ন হাউজিংয়ে একটি ডাকাতির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ধরে এনেছিলেন এসআই জিহাদ ও এএসআই লতিফ। পরে ওসি সাহেব বলে দেন এ জড়িত না একে ছেড়ে দেন। তাকে ছেড়ে দেওয়া হয়।"
উপ-পরিদর্শক ইয়াকুব দাবি করেন বাদি মোশাররফের সঙ্গে তিনি 'কোনও কথাই বলেননি, তাকে টাচও করেননি।'
এএসআই আ. লতিফ বলেন, "এইমাত্র আমাকে একজন সাংবাদিক ফোন করলেন। তবে আমি এর কিছুই জানি না। একটি ডাকাতির মামলার আসামী এ মামলা করেছে বলে জানতে পেরেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/২২৪৬ঘ.
bdnews24