বেনাপোল, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বন্দর আধুনিকায়নের লক্ষ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছে।
প্রতিনিধি দলটি দুপুর আড়াইটার দিকে বেনাপোল বন্দরের ৩০, ৩১, ও ৩৭ নম্বর শেড পরিদর্শন করেন।
এ সময় বেনাপোল কাষ্টমস হাউজের কমিশনার আব্দুল মান্নান শিকদার, বেনাপোল বন্দরের পরিচালক শ্যাম কিশোর রায় ও বন্দর ব্যবহারকারী সংগঠন সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি শামছুর রহমান প্রতিনিধি দলকে বন্দর ঘুরিয়ে দেখান।
এরপর প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোষ্ট দিয়ে ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে যান।
বেনাপোল বন্দর পরিদর্শনকালে প্রতিনিধি দলের প্রধান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, "দেশের বিভিন্ন বন্দরকে আধুনিক করার লক্ষ্যে আমাদের এ সফর।"
তারা পর্যায়ক্রমে ভারতের পেট্রাপোল স্থলবন্দর, কলকাতা ও মুম্বাই সমুদ্র বন্দর, শ্রীলংকার কলম্বো বন্দর, মালয়েশিয়ার কেলাং ও পেনাং বন্দর, চীনের সাংহায় গভীর সমুদ্র বন্দর ও হংকং সমুদ্র বন্দর পরিদর্শন করবেন বলে মন্ত্রী জানান।
শাজাহান খান ছাড়াও প্রতিনিধি দলে আছেন- সাংসদ নূরে আলম, মোহাম্মদ শাহ আলম, সামসুল হক, নজরুল ইসলাম, মংলা বন্দরের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল কুদ্দুস, উপসচিব নাসির আরিফ মাহমুদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১১ ঘ.
bdnews24