২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে একশ' কোটি ডলার ঋণ দেবে ভারত

শীর্ষ বৈঠকে বাংলাদেশকে একশ'কোটি ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। নয়া দিল্লি থেকে জানাচ্ছেন সুমন মাহবুব ও দিল্লি প্রতিনিধি (আরো তথ্যসহ-৪)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 07:04 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

নয়া দিল্লি থেকে সুমন মাহবুব ও প্রতিনিধি নয়া দিল্লি, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে একশ' কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত। এটি কোনো দেশকে ভারতের দেওয়া সর্বোচ্চ ঋণ সহায়তা। ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবারের শীর্ষ বৈঠকে সেদেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এ ঘোষণা দেন বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। ঋণ সহায়তা ছাড়াও বিদ্যুৎ খাতে সহযোগিতা,নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশকে ট্র্যানজিট দেওয়া, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষাবৃত্তিসহ আরো কিছু সিদ্ধান্ত হয়েছে। ভারতের প্রদেয় ঋণের অর্থে রেল লোকোমেটিভ ও বগিসহ রেলওয়ে প্রকল্প, বাস এবং অবকাঠামো প্রকল্পের ব্যয় নির্বাহ হবে। দেড় ঘন্টা স্থায়ী বৈঠকে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং আবারো আশ্বাস দিয়ে বলেছেন, টিপাইমুখ বাঁধের ব্যাপারে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। উন্নয়ন সহযোগিতার জন্য একটি সমন্বিত কাঠামোর ব্যাপারে দুই প্রধানমন্ত্রী একমত হয়েছেন। তারা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও অর্থবহ সংস্থায় পরিণত করার লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণেরও সিদ্ধান্ত নেন। মনমোহন সিং নেপাল ও ভুটানের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশকে ট্র্যানজিট সুবিধা দেওয়ার নয়া দিল্লির সিদ্ধান্তের কথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সেইসঙ্গে ভারত আখাউড়া ও আগরতলার মধ্যে রেল যোগাযোগ প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়েছে। নয়া দিল্লির হায়দরাবাদ হাউসে হাসিনা-মনমোহন বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, সন্ত্রাস দমনে দুই দেশ একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষ বৈঠকে বলেছেন। হাসিনা আরো বলেন, "দুদেশের জনগণের জন্য যা ভালো তাই করা হবে।" আবুল কালাম আজাদ সাংবাদিকদের আরো জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। মঙ্গলবার একটি যৌথ ইশতেহার আসতে পারে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারত তার কেন্দ্রীয় গ্রিড থেকে বাংলাদেশকে আড়াইশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে অঙ্গীকার করেছে। নয়া দিল্লি প্রতিবছর বাংলাদেশের তিনশ' ছাত্রকে বৃত্তিও দেবে। দুই প্রধানমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশ' পঞ্চাশতম জন্মবার্ষিকী যৌথভাবে উদযাপনেও সম্মত হন। এ প্রসঙ্গে নৈশভোজের ভাষণে মনমোহন সিং বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের লেখনী ভারত ও বাংলাদেশের মানুষকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণা যুগিয়েছে। দুদেশের জনগণের মধ্যে বন্ধন গড়ে তোলা এ অনন্য সম্পদ অবশ্যই সংরক্ষণ করতে হবে।" হাসিনা ও মনমোহনের মধ্যে প্রতিনিধিদল পর্যায়ের বৈঠকের পর বিভিন্ন অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং ২০১০-১২ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দু'টি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। দু'পক্ষ সাবরুম-রামগড় ও দেমাগিরি-থেগামুখ স্থল শুল্ক স্টেশন চালু করা ও মেঘালয় রাজ্য বরাবর ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্ত হাট খুলতেও সম্মত হয়। এছাড়া দু' প্রধানমন্ত্রী নিজ নিজ পানি সম্পদ মন্ত্রীদের তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টনের আলোচনা ত্বরান্বিত করার নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এইচএ/এসকে/০০৫৮ ঘ.