ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্র সীমা নির্ধারণের বিষয়ে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসছে বাংলাদেশ ও মিয়ানমার।
সাগরসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ দেখা দিলে গত অক্টোবরে তা নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতিসংঘ শালিস আদালতে যায়।
এরপর এটাই ঢাকা-ইয়াঙ্গুনের প্রথম বৈঠক।
চট্টগ্রামে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এ বৈঠকে মিয়ানমার দলের নেতৃত্ব দেবেন সে দেশের উপ পররাষ্ট্রমন্ত্রী (পররাষ্ট্র সচিব) মং মিন্ত। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. খুরশিদ আলম।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তিতে আমরা জাতিসংঘ আদালতে গেলেও প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দুইপক্ষীয়/দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত থাকবে।"
এই বিরোধ নিষ্পত্তির বিষয়ে মিয়ানমার এখন খুবই ইতিবাচক বলেও জানান তিনি।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গভীর সাগরে তেল ও গ্যাস ব্লক নিয়ে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের পাল্টাপাল্টি দাবির কারণে কোনো দেশই খনিজ তুলতে পারছে না।
বাংলাদেশের ২৭টি ব্লকের মধ্যে প্রতিবেশী দেশ দু'টি ১৮টি ব্লক নিজেদের বলে দাবি করছে।
২২ বছর পর ২০০৮ সালে সাগরে জলসীমা নির্ধারণে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বৈঠক হয়। এরপর অন্তত তিন দফা এ বিষয়ে আলোচনা হলেও তেমন কোনো ফল আসেনি।
শুধু তাই নয় উভয় দেশ সীমানা শুরুর পয়েন্টও নির্ধারণে ঐকমত্যে পৌঁছতে পারেনি।
গত বছরের অক্টোবরে জাতিসংঘ শালিস আদালতে যাওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছিলেন, সরকার যত দ্রুত সম্ভব এ বিরোধ নিষ্পত্তি করতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এমআই/২১২৬ ঘ.
bdnews24