২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিপি'র স্বেচ্ছাসেবীদের অসন্তোষ নিরসনে তদন্ত কমিটি

দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) অধীনে কর্মরত স্বেচ্ছাসেবীদের অসন্তোষ নিরসনে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, "কমিটি কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ অসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে সরকার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 11:25 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) অধীনে কর্মরত স্বেচ্ছাসেবীদের অসন্তোষ নিরসনে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, "কমিটি কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ অসন্তোষ নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে সরকার।" তিনি রোববার সকালে মিরপুর ফায়ার সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্রে উপকূলীয় এলাকার দুর্যোগ প্রস্তুতি স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি) ভূমিকম্প ও সুনামি বিষয়ক জাতীয় পরামর্শক মাকসুদ কামাল ও আন্তর্জাতিক কারিগরি ব্যবস্থাপক মার্কো কোসি। মন্ত্রী বলেন, "খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াজেদের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটি ইতোমধ্যেই অসন্তোষের কারণগুলো তদন্তে কাজ করে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ের জমা হবে। "দুর্যোগ ব্যবস্থাপনার বিষয় মাথায় রেখে সরকার এ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। সরকারের এই পদক্ষেপ নেয়ার মাধ্যমে উপকূলীয় এলাকার জন্য নিযুক্ত এসব স্বেচ্ছাসেবীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে।" বলে তিনি উল্লেখ করেন। উপকূলীয় দুর্যোগ প্রবণ এলাকাগুলোর জন্য মডেল ইউনিয়ন বা উপজেলা প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে রাজ্জাক বলেন, ঘুর্ণিঝড়ের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জন্য স্থায়ী অবকাঠামো ও পুনর্বাসনের যে কার্যক্রম হাতে নিয়েছে, তার অংশ হিসেবে ওইসব এলাকায় বাঁধ উঁচু করা, ঝুঁকিমুক্ত বাড়ি এবং আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সরকার এ কার্যক্রম শুরু করতে পারে বলে মন্ত্রী বলেন। তিনি জানান, বর্তমানে উপকূলীয় ১১টি উপজেলার ৩২টি উপজেলায় সিপিপি কাজ করছে। শিগগিরই খুলনা ও সাতক্ষীরা জেলার চারটি উপজেলাকে এ আওতায় আনা হবে। এ চারটি উপজেলা হচ্ছে- খুলনার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর। ঘুর্ণিঝড় আইলার পর এ চারটি উপজেলাকেও এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, উপকূলীয় এলাকগুলোর জন্য মোট ৪২ হাজার ৬৭৫ জন স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এর অংশ হিসেবে রোববার থেকে ৪৪ জন দলনেতা ও কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে। রোজার মধ্যে এ ধরনের কর্মকর্তা ও দলনেতাদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। রোজার পরে স্থানীয়ভাবে বাকি স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩৬ ঘ.