কিশোরগঞ্জ, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা সর্বশেষ যাত্রীর লাশ রোববার সকালে উদ্ধার করা হয়েছে। এর আগে নিখোঁজ থাকা তিনজনের লাশ উদ্ধার করা হয়।
সকাল ১১টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে বাজিতপুর উপজেলার ছাতিরচর হাওর থেকে ভাসমান অবস্থায় গ্রামীণ শক্তির মিঠামইন উপজেলা শাখা ব্যবস্থাপক তাহের উদ্দিন জুয়েল (৩৮) এর লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার কাজের সমন্বয়কারী মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র সাহা জানান, প্রবল স্রোতের টানে লাশ ভেসে দূরে চলে যায়। এ নিয়ে তিনদিনের অভিযানে নিখোঁজ চার যাত্রীর সবার লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার গোপদিঘী ইউনিয়ন থেকে সদর অভিমুখী একটি ইঞ্জিত চালিত নৌকা ডুবি হাওরে ঝড়ের কবলে পড়ে ডুবে গেলে চার যাত্রী নিখোঁজ হন।
এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় দুজনের এবং শনিবার আরও একজনের লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫৩৮ ঘ.
bdnews24