২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭ দিনের মধ্যে ডিম ও মুরগির দাম না কমলে আমদানি: মন্ত্রী

আসন্ন রমজানে বাজারে মুরগি ও ডিমের মূল্য কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে সরকারের কাছে আরও সাত দিন সময় নিয়েছেন উৎপাদনকারী ও ব্যবসায়ীরা। এ সময়ের মধ্যে মূল্য কমিয়ে আনতে না পারলে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার বিদেশ থেকে মুরগি ও ডিম আমদানির উদ্যোগ বাস্তবায়ন করবে বলে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 12:13 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজানে বাজারে মুরগি ও ডিমের মূল্য কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে সরকারের কাছে আরও সাত দিন সময় নিয়েছেন উৎপাদনকারী ও ব্যবসায়ীরা। এ সময়ের মধ্যে মূল্য কমিয়ে আনতে না পারলে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার বিদেশ থেকে মুরগি ও ডিম আমদানির উদ্যোগ বাস্তবায়ন করবে বলে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিয়েছেন। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় প্রস্তুতি চূড়ান্ত করেছেন বলেও তাদের জানানো হয়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুরগি ও ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর লতিফ বিশ্বাস মঙ্গলবার দেশের শীর্ষস্থানীয় মুরগি ও ডিম উৎপাদনকারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সচিবালয়ে ওই বৈঠনের পর মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবসায়ীদের সঙ্গে বারবার বৈঠক করেও বাজারে ডিম ও মুরগির মূল্য নিয়ন্ত্রণে কোনও সুফল আসছে না। "তাই সরকার মন্ত্রিসভার বৈঠকে ডিম ও মুরগি আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়টি ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।" লতিফ বিশ্বাস বলেন, "এর আগে বারবার বৈঠক করে নেওয়া সিদ্ধান্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে বাস্তবায়ন করা হয়নি। বরং বারবারই ডিম ও মুরগির দাম বাড়ছে। ব্যবসায়ী ও উৎপাদনকারীদের জানানো হয়েছে, সরকার দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনায় রেখেই এ (আমদানির) সিদ্ধান্ত নিয়েছে।" মন্ত্রী জানান, ঢাকায় ২৬টি ডিম বিক্রয় কেন্দ্র করেছে। কিন্তু এসব কেন্দ্রেও মূল্য ঠিক রাখা হচ্ছে না। তাই ব্যবসায়ীদের সঙ্গে সভা করে ১০০টি বিক্রয় কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। "সেই সিদ্ধান্তও তারা (ব্যবসায়ীরা) বাস্তবায়ন করেননি। তাই সরকার জনগণের সুবিধার কথা বিবেচনায় রেখে ডিম ও মুরগি আমদানির সিদ্ধান্ত নিয়েছে", বলেন লতিফ বিশ্বাস। মূল্য কমিয়ে আনতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আরও সাতদিন সময় চাওয়া হয় জানিয়ে তিনি বলেন, "সরকার তাদের স্বার্থের কথা বিবেচনা করে সাত দিন সময় দিয়েছে। এ সময়ের মধ্যে মূল্য না কমলে সরকার কোনও বৈঠক ছাড়াই ডিম ও মুরগি আমদানির সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।" এ বিষয়ে ঢাকা পোলট্রি অ্যান্ড হ্যাচারি'র ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রী তাদের আগামী সাতদিনের মধ্যে ডিম ও মুরগির বাজার দর কমিয়ে আনার তাগিদ দিয়েছেন এবং না কমলে বিকল্প ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। এদিকে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিটি মুরগির বাচ্চার জন্য উৎপাদন ব্যয় ৩৪ টাকা হলেও বিক্রি হচ্ছে ৬০ টাকা এবং প্রতিটি ডিমের উৎপাদন ব্যয় চার টাকা ৯১ পয়সার স্থলে বাজারে বিক্রি হচ্ছে সাড়ে সাত থেকে আট টাকা দরে। এতে মুনাফার পরিমাণ প্রায় দ্বিগুণ। ব্যবসায়ীরা দ্বিগুণ মুনাফা করে এসবের মূল্য সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮২৭ ঘ.