নড়াইল, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পী এসএম সুলতানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চলছে সুলতান উৎসব। শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন যৌথভাবে সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিও পালন করছে।
সকালে জেলা প্রশাসন, প্রেসক্লাব, বেঙ্গল ফাউন্ডেশন, মোবাইল টেলিফোন কোম্পানি বাংলালিংক, মূর্ছনা, মানিক-চয়ন স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শিল্পীর সমাধিতে ফুল দেন। এছাড়া শিশুস্বর্গে দোয়া ও মিলাদ মাহফিল, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
সকাল ১১টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে হাতি ও গাড়ির বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিশুস্বর্গে শেষ হয়। সেখানে একটি আলোচনা সভাও হয়।
দুপুরে শিল্পীর বাগান বাড়ি শহরের ধোপাখোলায় এসএম সুলতান আর্ট কলেজের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান।
বিকেলে চিত্রা নদীতে আয়োজন করা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
রোববার শুরু হওয়া সুলতান উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চে ও শিল্পী এস এম সুলতান কমপ্লেক্সের শিশু স্বর্গ ভবনে উৎসবের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আর্ট ক্যাম্প, শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পন, টেরাকোটা প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসএম সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় এক কৃষক পরিবারে জন্ম নেন এ শিল্পী। ছেলেবেলায় বাবা-মা তাকে ডাকতেন লাল মিয়া বলে। আর্থিক অনটনের মধ্যে নড়াইলের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার শুরু। কিন্তু পাঁচ বছর না কাটতেই বাড়ি ফিরে রাজমিস্ত্রির কাজ শুরু করেন সুলতান। এ কাজেই দালানের গায়ে ছবি আঁকতে আঁকতে নিজের ভেতরে এক শিল্পীর সঙ্গে পরিচয় হয় তার।
স্থানীয় জমিদার ধীরেন্দ্রনাথ রায়ের সহযোগিতায় ১৯৩৮ সালে কলকাতা যান এস এম সুলতান। ১৯৪১ সালে ভর্তি হন কলকাতা আর্ট স্কুলে। তিন বছর পর সেখানেও ইতি। ১৯৪৩ সালে খাকসার আন্দোলনে যোগ দেওয়ার পর ঘুরে বেড়ান উপমহাদেশের বিভিন্ন স্থানে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। বিভিন্ন শহরে ঘুরে ঘুরে সুলতান ছবি এঁকে বিক্রি করতেন ব্রিটিশ আর মার্কিন সৈন্যদের কাছে। এভাবেই শিল্পী হিসেবে কিছুটা পরিচিতি আসে।
সুলতানের আঁকা ছবির প্রথম প্রদর্শনী হয় ১৯৪৬ সালে ভারতের সিমলায়। ১৯৪৭ এ দেশ বিভাগের পর তখনকার পূর্ব পাকিস্তানে ফেরেন এই শিল্পী। কিছুদিন দেশে থেকে চলে যান পশ্চিম পাকিস্তানে। সেখান থেকে যুক্তরাষ্ট্র। তার ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয় সেখানে।
১৯৫৩ সালে জন্মস্থান নড়াইলে ফেরার পর থেকে জীবনের বেশিরভাগ সময় এখানেই কাটান এ শিল্পী। প্রতিষ্ঠা করেন 'শিশুস্বর্গ' ও 'চারুপীঠ' নামে দুটি প্রতিষ্ঠান। ১৯৭৬ সালে ঢাকায় শিল্পকলা একাডেমীতে প্রদর্শনীর মাধ্যমে দেশের শিল্পীসমাজে প্রতিষ্ঠা মেলে।
আশির দশকের শেষ দিকে সুলতানের স্বাস্থ্য খারাপ হতে থাকে। ১৯৯৪ সালের ১০ আগস্ট যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় এ যশস্বী শিল্পীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪০০ ঘ.
bdnews24