২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন নিয়ে সমীক্ষা চালাবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় দল

জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দুটি সর্বদলীয় সংসদীয় দল যুগপৎ সমীক্ষা শুরু করছে। এটি এ ধরনের প্রথম উদ্যোগ। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কিত সংসদীয় দল দুটির যৌথ সমীক্ষার পর্যালোচনা আগামী কোপেনহেগেন সম্মেলনে উপস্থাপন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 06:07 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দুটি সর্বদলীয় সংসদীয় দল যুগপৎ সমীক্ষা শুরু করছে। এটি এ ধরনের প্রথম উদ্যোগ। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কিত সংসদীয় দল দুটির যৌথ সমীক্ষার পর্যালোচনা আগামী কোপেনহেগেন সম্মেলনে উপস্থাপন করা হবে। বাংলাদেশী সর্বদলীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার একথা জানানো হয়। বাংলাদেশের পক্ষে সংসদীয় দলের নেতৃত্বে আছেন সাংসদ সাবের হোসেন চৌধুরী এবং যুক্তরাজ্যের কলিন চ্যালেন। গত জুনের শেষ সপ্তাহে আওয়ামী লীগের এই সাংসদকে প্রধান করে জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বদলীয় ওই কমিটি গঠন করা হয়। যৌথ সংসদীয় দল 'জলবায়ু পরিবর্তন সাম্যতা: এটা শুধু একটি পরিকল্পনা, আকাঙ্খা নাকি কথার কথা?' এ প্রশ্নের উত্তর খোঁজার প্রয়াস চালাবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর প্রচেষ্টারত বাংলাদেশের মতো স্বল্পোন্নত একটি দেশ এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পক্ষে প্রচার চালিয়ে যাওয়া যুক্তরাজ্যের মতো উন্নত একটি দেশ যৌথভাবে বিশ্বে প্রথম এরকম একটি উদ্যোগ নিলো। এদিকে এ বিষয়ে বাংলাদেশের সংসদীয় দলের সভাপতি সাবের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মনে করি জলবায়ু পরিবর্তনের আলোচনায় সাম্যতার ব্যাপারে পরিষ্কার ধারণা এবং এ বিষয়ে মতৈক্য হলেই শুধু বিশ্বনেতাদের প্রত্যাশা অনুযায়ী কোপেনহেগেন সম্মেলনে সাম্যের ভিত্তিতে একটি চুক্তি হওয়া সম্ভব।" অন্যদিকে, এই অনুসন্ধানের প্রয়োজনীয়তাকে অপরিসীম উল্লেখ করে কলিন চ্যালেন বলেছেন, "আমরা এর ফলাফল কোপেনহেগেন সম্মেলনে উপস্থাপন করবো।" তিনি মনে করেন, খুব কম কার্বন-ডাই-অক্সাইড নিঃসরণ করলেও বাংলাদেশের মতো দেশগুলো নিরাপদ উন্নয়নের সুবিধা পাচেছ না। "১০০ মিলিয়নের ওপরে যে দেশের জনসংখ্যা তার জন্য এটি একটি বিরাট অবিচার", বলেন কলিন চ্যালেন। তিনি আরও বলেন, "বাংলাদেশের মত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, কিন্তু তাদের এর জন্য ভুগতে হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২৩৫৯ঘ.