২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পানি পানে সাভারের সেই কারখানাটির তিনশ' শ্রমিক অসুস্থ

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হওয়ার পর এবার সাভারের ডেন্ডাবর এলাকার পোশাক কারখানা পিজিসিএল এর তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকালে তারা কারখানায় রিজার্ভ ট্যাংকের পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 07:58 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

সাভার, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হওয়ার পর এবার সাভারের ডেন্ডাবর এলাকার পোশাক কারখানা পিজিসিএল এর তিন শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সকালে তারা কারখানায় রিজার্ভ ট্যাংকের পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে এ কারখানার প্রায় ছয়শ' শ্রমিক খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন। শনিবার সকাল ৯টায় পানি পান করার পর বেশ কিছু শ্রমিকের পেট ব্যথা শুরু হয়। এক পর্যায়ে তারা বমি করতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অসুস্থদের সংখ্যা। তাৎক্ষণিকভাবে শ্রমিকদের সাভারের বিভিন্ন ক্লিনিকে ও হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ শ্রমিক ময়না, মনিরা, হোসনে আরা, সেলিনা, হেলেনা, নাসিমা, লাইলী, লীজা, আরিফ, সোহেল ও মেহেদীসহ বেশ কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষ ওইদিন ছুটি ঘোষণা করে। পরদিনও কারখানা বন্ধ ছিল। শনিবার সকালে কারখানা চালু হলে শ্রমিকরা কাজে যোগদান করে। সকাল ৯টার দিকে কয়েকজন শ্রমিক ক্যান্টিন থেকে সরবরাহ করা কারখানার রিজার্ভ ট্যাংকের পানি পান করেন। এর পরই তাদের পেট ব্যথা শুরু হয়। এক পর্যায়ে তারা বমি করতে শুরু করেন। ১২টা পর্যন্ত ৩ শতাধিক অসুস্থ শ্রমিককে ডেন্ডাবর হাবিব ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পল্লী বিদুৎ এলাকার গণি হাসপাতাল, নয়ারহাটের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয় বলে তারা জানান। এ ব্যাপারে সাভার থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউদ্দিন সরকার বলেন, "পানিতে কোনো রাসায়নিকের মিশ্রণ থাকার কারণে এ ঘটনা ঘটতে পারে।" কারখানার পানি পরীক্ষার জন্য ঢাকার মহাখালীর 'জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে' পাঠানো হয়েছে। পিজিসিএল-এর অসুস্থ 'লাইন ম্যানেজার' মো. ইমরান বলেন, "সকালে কারখানায় এসে পানি পান করি। এর ১৫/২০ মিনিট পর পেটে ব্যথা শুরু হয়। এক পর্যায়ে বমি হতে থাকে।" আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানান, পানি পান করার পরই শ্রমিকরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি ফোর্স নিয়ে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করছেন বলে জানান। পিজিসিএল-এর প্রধান সমন্বয়কারী (সিও) অজয় আগল বলেন, "কারখানায় দুই ধরনের পানি সরবরাহের ব্যবস্থা রয়েছে। এর একটি হল- সরাসরি রিজার্ভ ট্যাংকে পানি জমা করা। অপরটি হল পরিশোধিত করে আরেকটি ট্যাংকে জমা রাখা। "শ্রমিকদের বলে দেওয়া হয়েছে পরিশোধিত পানি পান করার জন্য। কিন্তু অনেক শ্রমিক রিজার্ভ ট্যাংকের পানি পান করে।" অসুস্থ শ্রমিকদের চিকিৎসা খরচ কারখানা কর্তৃপক্ষ বহন করবে বলে জানান তিনি। পিজিসিএল কারখানায় প্রায় ১৩শ' শ্রমিক কাজ করেন। বুধবার দুপুরে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহ করা খাবার খান। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারখানায় এসে পানি পান করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সকাল ৯টার মধ্যে কারখানার প্রায় ছয়শ' শ্রমিক অসুস্থ হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৪ ঘ.