নওগাঁ, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলা ভাইয়ের আরেক সহযোগী জেএমবি ক্যাডার আনোয়ারুল ইসলাম ওরফে আনারকে গ্রেপ্তার করা হয়েছে।
রাণীনগর রেল স্টেশন এলাকা থেকে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারুল ইসলাম রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন খান জানান, আনোয়ারুল ইসলাম ২০০৪ সালের এপ্রিল-মে মাসে আত্রাই-রাণীনগর এলাকায় চরমপন্থী নির্মূলের নামে বাংলা ভাইয়ের সহযোগী হিসেবে এলাকায় ব্যাপক চাঁদাবাজি, নির্যাতন এবং খুন-জখমসহ বহু সন্ত্রাসী কমকাণ্ডে জড়িত ছিল।
এ ছাড়া উপজেলার সিম্বা গ্রামের যুবলীগ নেতা ইদ্রিস আলী ওরফে খেজুর হত্যা মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে।
এর আগে গত মঙ্গলবার গ্রেপ্তার করা হয় ভেটি ক্যাম্পের ইনচার্জ জেএমবি ক্যাডার শরিয়তুল্লাহ ওরফে সীমারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০২১৫ ঘ.
bdnews24