২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে কাঠ পাচারকারীদের হামলায় বিডিআর ও বনকর্মী আহত

সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচারকালে আটক করায় মঙ্গলবার ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তরভাগ গ্রামে পাচারকারীরা বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদস্য ও বনরক্ষীদের ওপর হামলা চালায়। এতে আহত হয়েছেন দুই বিডিআর ও দুই বন কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

মৌলভীবাজার, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠ পাচারকালে আটক করায় মঙ্গলবার ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তরভাগ গ্রামে পাচারকারীরা বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর সদস্য ও বনরক্ষীদের ওপর হামলা চালায়। এতে আহত হয়েছেন দুই বিডিআর ও দুই বন কর্মকর্তা। ঘটনার সময় বিডিআর সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আহত বিডিআর সুবেদার হাবিবুর রহমান, ল্যান্স নায়েক শরিফুল ইসলাম, সহকারী বন রেঞ্জ কর্মকর্তা প্রতাপ দেব এবং বনরক্ষী মদরছি মিয়াকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে প্রতাপ দেবকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মৌলভীবাজার রেঞ্জের কুরমা বনবিট কর্মকর্তা শফিকুর রহমান জানান, ভোর ৫টার দিকে গোপন সংবাদ পেয়ে বিডিআর সদস্যসহ বনকর্মীদের একটি দল আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে যায়। এ সময় পাচারকারীরা পিকআপে করে সেগুন ও চাপালিশ কাঠ নিয়ে যাচ্ছিল। বিডিআর সদস্যরা কাঠসহ পিকআপটি আটক করলে ২৫/৩০ জনের পাচারকারী দলটি বিডিআর ও বনকর্মীদের ওপর দা, লাঠি ও বল্লম নিয়ে হামলা চালায়। এ সময় আত্মরক্ষা করতে বিডিআর সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি করলে পাচারকারীরা পালিয়ে যায়। রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, বনকর্মীরা কুরমা ক্যাম্পের বিডিআর সদস্যদের সহায়তায় কাঠ উদ্ধার ও পাচারকারীদের আটকের চেষ্টা করলে তারা হামলা চালায়। এ ঘটনার পর মধ্যভাগ গ্রামের তিনটি পুকুর থেকে এক শ' ঘনফুট সেগুন ও চাপালিশ কাঠ উদ্ধার করা হয় বলেও জানান তিনি। মৌলভীবাজার রেঞ্জের সহকারী বন সংরক্ষক মিজানুর রহমান বলেন, গত মার্চ মাসে আদমপুর-কমলগঞ্জ সড়কের চণ্ডিপুরে বন চেকপোস্টে কাঠ পাচারকারীরা হামলা চালিয়ে আটক কাঠ ও পিকআপ ছিনিয়ে নিয়েছিল। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দীন বলেন, বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৬ ঘ.