২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আত্মহত্যার জন্য বোমা ফাটিয়েছিল জঙ্গি মিজানের স্ত্রী'

শিশু সন্তানদের নিয়ে আত্মহত্যার জন্য বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল বলে দাবি করেছে জেএমবি সদস্য মিজানের স্ত্রী শারমীন হক লতা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে শারমীন এ কথা জানায়। তবে র‌্যাব বলছে, লতার এ বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। সে র‌্যাবকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার চেষ্টা করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 05:49 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

গোলাম মর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু সন্তানদের নিয়ে আত্মহত্যার জন্য বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল বলে দাবি করেছে জেএমবি সদস্য মিজানের স্ত্রী শারমীন হক লতা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে শারমীন এ কথা জানায়। তবে র‌্যাব বলছে, লতার এ বক্তব্য বিশ্বাসযোগ্য নয়। সে র‌্যাবকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার চেষ্টা করেছিল। বৃহস্পতিবার গভীর রাতে শেওড়াপাড়ার পীরেরবাগে মিজানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে লতাকে আটক করে র‌্যাব। ওই সময় সে বোমার বিস্ফোরণ ঘটায়। রাত সোয়া ২টার দিকে আটকের পরপর র‌্যাব সদস্যরা লতাকে প্রথমে স্থানীয় গ্যালাক্সি হাসপাতালে ভর্তি করে। এরপর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বিকেল ৪ টার দিকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় জামাআতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর বোমা বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মিজানকে গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে ১০ টার দিকে তার পীরেরবাগের বাসায় অভিযান শুরু করে র‌্যাব। এসময় বাসার ভেতর থেকে মিজানের স্ত্রী একটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং প্রায় পৌনে ৪ ঘণ্টা দরজা বন্ধ করে রাখে। পরে র‌্যাব সদস্যরা তাকে বুঝিয়ে বাসার বাইরে বের করে আনতে সক্ষম হন। অভিযান শেষে মিজানের বাসা থেকে দু'টি গ্রেনেড, একটি অবিস্ফোরিত বোমা ও ২টি ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। অভিযানের সময় লতার ঘটানো বোমার বিস্ফোরণে তার ডান হাতের কব্জি উড়ে যায়। রক্তমাখা অবস্থায় তার ২ শিশু সন্তানকেও উদ্ধার করা হয়। এদের একজনের বয়স ২ মাস। অন্যটির বয়স ২ বছর। ঢাকা মেডিক্যাল কলেজের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় লতা জানায়, সে র‌্যাবকে লক্ষ্য করে বোমা ছোড়ে মারেনি। শিশু সন্তানদের নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ২ মাস বয়সী মেয়েটিকে কোলে ও ২ বছরের ছেলেটিকে হাতে ধরে গ্রেনেডের পিন টেনে খুলেছিলো সে। এতে গ্রেনেডটি তার হাতেই বিস্ফোরিত হয় এবং তার ডান হাতের কব্জি উড়ে যায়। লতা জানায়, তিন বছর আগে মিজানের সঙ্গে প্রেম করে তার বিয়ে হয়। টাঙ্গাইল করটিয়া কলেজে পড়ার সময় একটি কম্পিউটারের দোকানে মিজানের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্র ধরেই তাদের প্রেম ও বিয়ে। বিয়ের তিন মাস পরই লতার বাবা-মা জানতে পারেন যে মিজান একজন জেএমবি সদস্য। এরপর তারা মেয়ে-জামাইর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। পাঁচ বছর আগে মিজানকে তার পরিবার ত্যাজ্য করেছে বলে জানায় মিজানের স্ত্রী। বিয়ের পর সে নিজেও জেএমবির সদস্য হয়ে যায়। "বোমার বিস্ফোরণ ঘটানোতে আমার প্রশিক্ষণ না থাকলেও মিজান আমাকে একদিন শিখিয়ে দিয়েছিল কী করে বোমার বিস্ফোরণ ঘটাতে হয়" বলল লতা। তার ওপর ভিত্তি করেই সে বৃহস্পতিবার রাতে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় বলে জানাল। মিজানের স্ত্রী জানায়, বিয়ের পরের তিন বছর সে ঢাকার বাইরে কোথাও যায়নি। এই তিন বছরে তারা অন্তত ৫/৬টি বাড়ি বদল করেছে। মিজান জেএমবির কাজ ছাড়া অন্য কিছু করেনা। সংগঠনের অর্থেই চলে তাদের সংসার। তবে লতার এসব বক্তব্য বিশ্বাসযোগ্য নয় বলে মনে করেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল রেজানুর রহমান খান। কর্নেল রেজানুর রহমান শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার আত্মহত্যার চেষ্টার বিষয়টি যুক্তির নিরিখে দেখলে বিশ্বাসযোগ্য মনে হয় না। সে যদি র‌্যাবের উদ্দেশ্যে বোমা মারার উদ্যোগ না নেয়, তাহলে দরজার সামনে কী করে বিস্ফোরণ ঘটে। এছাড়া ঘরে তো আরও গ্রেনেড-বোমা ছিল।" তিনি জানান, সারাদিন-রাত মিজানকে নিয়ে ব্যস্ত থাকায় এখনও লতাকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি র‌্যাবের কর্মকর্তারা। তিনি বলেন, "আমাদের মেইন প্রায়োরিটি মিজান। তার স্ত্রীকে তাই এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫০ঘ.