ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশব্যাপী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আবাসন প্রকল্পের মাধ্যমে ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বিভিন্ন এলাকায় সরকারি খাস জমিতে এ ধরণের প্রকল্প স্থাপন করা হবে।
প্রাথমিকভাবে প্রবাসী অধ্যুষিত ১০টি এলাকায় জমি খোঁজার কাজ শুরু হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান।
এর আগে সরকার দলীয় বেশ কয়েকজন সাংসদ প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
প্রতিমন্ত্রী মান্নান খান বলেন, "দেশব্যাপী আবাসন সমস্যা এবং অপরিকল্পিতভাবে কৃষি জমি নষ্ট করে বাড়ি-ঘর নির্মাণের প্রেক্ষাপটে সরকার এ উদ্যোগ নিয়েছে। এতে অনেক কম জায়গায় পরিকল্পিত আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যাবে। ফলে কৃষি জমির অপব্যবহারও বন্ধ করা সম্ভব হবে।"
ঢাকার আবাসন সঙ্কট নিরসনে রাজধানীর উত্তর ও পশ্চিম অংশ এবং কেরানীগঞ্জে একাধিক স্যাটেলাইট আবাসন প্রকল্প করার কথা সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, "এসব প্রকল্পে ৫০০ একরের বেশি জমি প্লট ও ফ্ল্যাট আকারে আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হবে। শিগগিরই প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরু হবে।"
এক প্রশ্নের জবাবে তিনি জানান, এসব প্রকল্পের কোথাও কোন জলাশয় থাকলে জলাশয় ঠিক রেখেই প্রকল্প বাস্তবায়ন করা হবে যা প্রকল্পগুলোকে আরো দৃষ্টিনন্দন করবে। এসব প্রকল্পের জন্য নিজস্ব পানি ও বিদ্যুতের ব্যবস্থাও রাখা হবে।
পূর্বাচল ও উত্তরায় প্লট বরাদ্দের সময়সীমা বাড়ানো হবে কি না- জানতে চাওয়া হলে মান্নান খান বলেন, "এসব প্রকল্পের আবেদনের জন্য সময় বাড়ানোর কোনো প্রস্তাব এখনো মন্ত্রণালয়ে আসেনি, সরকারও এ ব্যাপারে কিছু ভাবছে না।"
৩০ এপ্রিল বৃহস্পতিবার এ প্রকল্পে আবেদনের সময়সীমা শেষ হবে।
মন্ত্রী বলেন, "উত্তরা ও পূর্বাচল প্রকল্পের জন্য আবেদন জমা দেওয়ার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বরাদ্দের প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়া স্বচ্ছ করতে যা প্রয়োজন, সরকার তার সবই করবে। কোন প্রকার অনিয়ম সরকার মেনে নেবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৮৫৯ঘ.
bdnews24