ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী সদর এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে পৃথক অভিযানে এদের গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ:
রাজবাড়ী: সদর উপজেলার সজ্জনকান্দা গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে আজিম মোল্লা (৩২) ও শাকিল মাহমুদ পাপ্পু (২০) নামে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের কাছ থেকে একটি নাইন এমএম বোরের বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ দু'জনের বাড়ি রাজবাড়ী পৌরসভার নুরপুর ও বিনোদপুর গ্রামে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুর রহমান জানান, সাদা পোশাকের পুলিশ রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করে।
এদের মধ্যে আজিম মোল্লা পরোয়ানাভুক্ত আসামি বলে জানান তিনি।
এ বাপ্যারে থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং এলাকায় শুক্রবার ভোরে একটি যাত্রীবাহী বাস থেকে অস্ত্র ও গুলিসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাসযাত্রী রুহুল আমিন ও তারামুল ইসলামের কাছ থেকে এ সময় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রুহুল আমিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ডাকতারা এবং তারামুল ইসলামের বাড়ি একই উপজেলার নলডুবি গ্রামে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ভোর চারটার দিকে হানিফ পরিবহনের একটি বাসের যাত্রী রুহুল আমিনের কোমর থেকে একটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী তারামুল ইসলামকেও গ্রেপ্তার করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24