ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশে আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দেওয়ার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষিত লোকবল বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবিব।
সোমবার 'বিশ্ব আবহাওয়া দিবস' উপলক্ষ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরজুমান্দ হাবিব বলেন, প্রক্রিয়াধীন 'নিউম্যারিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম' বাস্তবায়িত হলে আগামীতে আরও নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। তবে আধুনিক এ প্রযুক্তির সুফল পেতে আরও আট-দশ বছর লাগবে বলে তিনি বলেন।
মানুষের 'বাঁচার জন্য আবহাওয়া, জলবায়ু ও বিশুদ্ধ বায়ু'- এ শ্লোগানের মধ্য দিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সনাতন পদ্ধতির মাধ্যমেই অধিকাংশ কাজ চলছে। বর্তমানে অধিদপ্তরের অধীনে ৩টি ডপলার রাডার স্টেশন, দু'টি কনভেনশনাল রাডার স্টেশন, ৪টি ভূমিকম্প পর্যবেক্ষণাগার, ১০টি পাইলট বেলুন পর্যবেক্ষণাগার এবং ৩৫টি প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার রয়েছে।
এছাড়া প্রকল্পের অধীনে ১২টি এগ্রো মেটিঅরলজিক্যাল পর্যবেক্ষণাগার ও নৌ দুর্ঘটনা হ্রাসে ১৪টি আধুনিক পর্যবেক্ষণাগার স্থাপনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে বলে তারা জানান ।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, "উন্নত বিশ্ব থেকে আমরা খুব একটা পিছিয়ে নেই। সীমাবদ্ধতার মধ্যেও আমরা সঠিক পূর্বাভাস দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
আবহাওয়া অধিদপ্তরের আধুনিকায়নে সব ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে সরকার ও দাতা সংস্থার সহায়তা অব্যাহত রয়েছে।
এছাড়া যোগ্য লোকবল নিয়োগ ও প্রশিক্ষিত জনবল তৈরিরও পরিকল্পনা অধিদপ্তর নিয়েছে বলে জানিয়ে তিনি বলেন, প্রশিক্ষণের ব্যাপারে এ বছরের জুনে জাপানের একটি সংস্থার সঙ্গে চুক্তি করবে অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবীদ মো. ছাদেকুল আলম জানান, সনাতনী যন্ত্রপাতি দিয়েই '৮৫, '৯১-এর ২৯ এপ্রিল ও ২০০৭-এর ১৫ নভেম্বরের ঘুর্নিঝড়ের যথাযথ পূর্বাভাস দেওয়া হয়।
তিনি বলেন, "বাংলাদেশ সরকারের অর্থায়নে 'নিউম্যারিক্যাল ওয়েদার প্রেডিকশন সিস্টেম' চালু হলে সামদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস, কালবেশাখী, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ ও খরাসহ নানা ক্ষেত্রে আরো সঠিক, সময় মতো পূর্বাভাস, সতর্ক বার্তা দেওয়া সম্ভব হবে।"
আবহাওয়া অধিদপ্তর বর্তমানে প্রতিদিন বিভিন্ন স্টেশনে তিন ঘণ্টা পরপর তাপমাত্রা, বায়ুর গতি-দিক-চাপ, মেঘ, কুয়াশা, বৃষ্টিপাতের উপাত্ত সংগ্রহ করে থাকে।
ওই উপাত্তের ওপর ভিত্তি করেই পরবর্তী ১২ কিংবা ২৪ ঘণ্টার জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।
দেশের ৩৫টি স্টেশন থেকে তথ্য নিয়ে আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের প্রধান কার্যালয় প্রতিদিন পূর্বাভাস দিয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/এইচএ/২৩২৬ ঘ.
bdnews24