২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদের আর্থিক অনিয়ম নিয়ে বিরোধ: ফাঁকা গুলি চালিয়ে ভয়ভীতি প্রদর্শন

আর্থিক অনিয়ম নিয়ে কথা কাটাকটির জের ধরে রাজধানীর সুরিটোলা মসজিদের সামনে ফাঁকা গুলি চালিয়ে মুসল্লিদের ভয় দেখানোর অভিযোগে বাবা ও ছেলেকে শুক্রবার আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্থিক অনিয়ম নিয়ে কথা কাটাকটির জের ধরে রাজধানীর সুরিটোলা মসজিদের সামনে ফাঁকা গুলি চালিয়ে মুসল্লিদের ভয় দেখানোর অভিযোগে বাবা ও ছেলেকে শুক্রবার আটক করা হয়েছে। তারা হলেন মসজিদ কমিটির সদস্য আব্দুল জব্বার (৫৫) ও তার ছেলে আব্দুল্লাহ আল মামুন রাহাত (৩০)। কোতয়ালি থানার সহ-পরিদর্শক মফিজুর রহমান বলেন, শুক্রবার জুম্মার নামাজ শেষে সুরিটোলা মসজিদের মুসল্লিরা মসজিদের ভেতরে আব্দুল জব্বারের সঙ্গে কমিটির আর্থিক দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের ব্যাপারে কথা বলা শুরু করেন। এক পর্যায়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি মুসল্লিদের সঙ্গে। এর জের ধরে মসজিদের বাইরে সাধারণ মুসল্লি এবং আব্দুল জব্বারের অনুসারীদের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা বলেন, মসজিদ থেকে বের হয়ে আব্দুল জব্বারও মুসল্লিদের গালিগালাজ করে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন। এতে মুসল্লিরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে আব্দুল জব্বার তার মসজিদের পাশের বাসা থেকে লাইসেন্স করা পিস্তল নিয়ে এসে ৫ রাউন্ড ফাঁকা গুলি চালান। গুলির শব্দে পুড়ো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিস্তলসহ আব্দুল জব্বারকে আটক করে। একই সময় বাবাকে সহযোগিতা করার অভিযোগে ছেলেকেও আটক করা হয় বলে তিনি জানান। মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ লিটন বাদী হয়ে এ ব্যাপারে কোতয়ালি থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/২০২৯ ঘ.