২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কথিত গণপিটুনি-বন্দুকযুদ্ধে ২ চরমপন্থী নিহত

কুষ্টিয়া ও মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ এবং গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া ও মেহেরপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ এবং গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার ভোররাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মামুনুর রশিদ মামুন (৩৯) এবং মেহেরপুরের গাংনী উপজেলায় 'গণপিটুনিতে' বাদশা (৩৭) মারা যান বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, এরা দুজনই পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) আঞ্চলিক নেতা ছিলেন। এদিকে ঝিনাইদহ সদর উপজেলায় শনিবার রাতে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন আরেক চরমপন্থী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: কুষ্টিয়া: দৌলতপুরের খলিশাকুণ্ডি ইউনিয়নের পাঁচ পীরতলা গ্রামে ভোর ৪টার দিকে মামুন নিহত হন। গত তিন মাসে কুষ্টিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে চরমপন্থী-সন্ত্রাসীদের 'বন্দুকযুদ্ধে' ২৮ জন নিহত হয়েছেন। সর্বশেষ গত ৬ নভেম্বর মিরপুর উপজেলায় মজিবর রহমান বাবু নামে এক চরমপন্থী নিহত হয়েছিলেন। দৌলতপুর থানার ওসি হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচ পীরতলা গ্রামের আম বাগানে চরমপন্থীদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে যায়। চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।" দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মামুন নিহত হওয়ার পর তার সহযোগীরা পালিয়ে যান বলে ওসি দাবি করেন। তিনি জানান, ঘটনাস্থলে একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি রাম দা পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য মামুনের লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামুন মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের রেজাউল করিমের ছেলে। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় দুইটি হত্যাসহ অর্ধ ডজন মামলা রয়েছে। মেহেরপুর: গাংনী থানার ওসি সগীর মিয়া সাংবাদিকদের জানান, ভোর ৪টার দিকে বাদশা তার দলবল নিয়ে রাইপুর গ্রামে ঢুকলে গ্রামবাসীর তাদের ঘেরাও করে ফেলে। অন্যরা পালিয়ে গেলেও বাদশা ধরা পড়ে গণপিটুনিতে মারা যান। বাদশা ওই গ্রামের আবুস উদ্দিনের ছেলে। ওসি জানান, সকালে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও কয়েক জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে। বাদশার বিরুদ্ধে গাংনী থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণের পাঁচটি মামলা রয়েছে বলেও তিনি জানান। ঝিনাইদহ: সদর উপজেলার সাগান্না গ্রামে রাত ১টার দিকে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম মানিক আহত হন। তিনি বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বলে পুলিশ দাবি করেছে। ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কাতলামারি বৈডাঙ্গা সড়কের পাশে চরমপন্থিদের বৈঠকের খবর পেয়ে র‌্যাব ও পুলিশের একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করে।" পরে গুলিবিদ্ধ মানিককে গ্রেপ্তার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছে একটি পাইপগান, একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি জানান, মানিকের বাড়ি সদর উজেলার বকশীপুর গ্রামে। তার বিরুদ্ধে দুটি হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/এমএসবি/১৯৫২ ঘ.