ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ও 'ঘ' ইউনিট অন্তর্ভুক্ত ছয়টি বিষয়ে লিখিত পরীক্ষা পরবর্তী ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
ভর্তির যোগ্যতার শর্ত নিয়ে বিরোধের জের হিসেবে বিষয়টি আদালতে গড়িয়েছে।
মাদ্রাসা থেকে আলিম পাশ করা ভর্তিচ্ছু পাঁচ ছাত্রের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়।
ভর্তি নিয়ে সমস্যা সৃষ্টি হওয়া বিষয় ছয়টি হলো- বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ও ভাষাতত্ত্ব।
আদালত এ ছয়টি বিষয়ে ভর্তির ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় দুইশ' নম্বর করে থাকার শর্ত আরোপকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে এর কারণ জানাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি রুলনিশি জারি করেছে।
আদেশের পর আবেদনকারীর পক্ষের সহকারী আইনজীবী বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ছয় বিষয়ে মৌখিক পরীক্ষাসহ ভর্তি কার্যক্রম তিন মাসের জন্য হাইকোর্ট স্থগিত করেছে।
রিট আবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সালে আলিমকে উচ্চ মাধ্যমিকের সমমান বলে স্বীকৃতি দেওয়া হয়। তবে গত ৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট 'খ' ও 'ঘ' ইউনিটে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরে বাংলা ও ইংরেজিতে দুইশ' করে নম্বর থাকার শর্ত দেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে আবেদনটির বিরোধিতা করে বক্তব্য দেন শাহদীন মালিক।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে বাংলা ও ইংরেজি ভাষাসহ উল্লিখিত ছয়টি বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাষাগত দক্ষতার একটি নির্দিষ্ট মানের প্রয়োজনে তারা এ শর্ত দিয়েছে।
ছয়টি বিষয়ের মধ্যে কয়েকটি বিষয়ে কয়েকবছর আগে থেকেই দুইশ' নম্বরের শর্ত বজায় ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/২২৫৫ঘ.
bdnews24