২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবলার জেলেপল্লী থেকে ৪৬ জনকে উদ্ধার

সুন্দরবনের দুবলা জেলেপল্লীর মেহের আলীর চর থেকে শনিবার রাতে শিশুসহ ৪৬ জনকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

বাগেরহাট, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের দুবলা জেলেপল্লীর মেহের আলীর চর থেকে শনিবার রাতে শিশুসহ ৪৬ জনকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)। এদের ওই চরে আটকে রেখে জোর করে কাজ করানোর অভিযোগে কোস্টগার্ড পাঁচ বহদ্দারকে (শুটকি ব্যবসায়ী) আটক করেছে। বেশি টাকায় কাজ দেওয়ার লোভ দেখিয়ে দালালরা কৌশলে তাদের ওখানে নিয়ে যায় বলে উদ্ধারকৃতরা জানান। আটক বহদ্দাররা হলেন- কক্সবাজারের কুতুবদিয়ার মো. রমিজ উদ্দিন (২৫), রতন দাস (২৪), মো. আইয়ুব খান (৪৫), আনন্দ দাস (২০) ও আব্দল শুক্কুর (৫৫)। উদ্ধার হওয়ারা হলেন- চট্টগ্রামের মো. ইলিয়াস (১২), মো. জমির হোসেন (১৩), সোহাগ (১৪), আলমগীর (১৪), মহসীন (১৬), শেরপুরের সাইফুল হক (১৬), ঢাকার আরমান (১৫), কুমিল্লার মানিক (১৫), শরীফ (১৫), সুলতান (১৩), ফেনীর মো. সোহেল (১৫), আলাউদ্দিন (১৫), সুমন (১৬), কামরুল (১৬), টেকনাফের মামুন জুবায়ের (৯) ও তার ভাই মো. জাবের (১১), রফিক (১১), ময়মনসিংহের সুজন (১৬), রংপুরের মো. বিদ্যুৎ মিঞা (১৫), সুনামগঞ্জের রুহুল আমিন (১৪), হানিফ (১৫), মুজাহিদ (১৫), রুহুল আমিন (১৪), বাগেরহাটের সাগর শেখ (১১), ব্রাহ্মণবাড়িয়ার নজরুল (১৪), আপন সরকার (১৬), সিলেটের দেলোয়ার (১০), নোয়াখালীর মো. খোকন (১১), মুন্সীগঞ্জের আতিউর রহমান মল্লিক (১৫), কক্সবাজারের মো. আব্দুল মান্নান (১৮), মো. আলমগীর হোসেন (২০), বান্দরবানের মো. সামছুল আলম (২১), নরসিংদীর মো. কামাল খন্দকার (২৮), সিলেটের মো. সোহেল খান (১৫), মো. লিটন চৌধুরী (৩০), মো. হানিফ মিয়া (১৭), মো. রুহুল আমিন শেখ (১৬), টেকনাফের মো. আবু বক্কর ছিদ্দিক (৩৪), মো. আবু তাহের (৪১), মো. রশিদ আহম্মেদ (২৫), খাগড়াছড়ির মো. আনোয়ার হোসেন (২৪), চট্টগ্রামের মো. সুমন আলী (২৮), মো. সোবহান হোসেন (২১), ব্রাহ্মণবাড়িয়ার মো. সাদ্দাম হোসেন (১৯), দিনাজপুরের মো. সুমন হোসেন (১৮), ফেনীর মো. দুলাল মাহামুদ (২৫)। এদের মধ্যে বাগেরহাটের কিশোর সাগর শেখ জানায়, এক মাস আগে সে পিরোজপুর নানাবাড়ি বেড়াতে গেলে এক লোকের সঙ্গে তার পরিচয় হয়। ভাল টাকায় বঙ্গোপসাগরে চিংড়ির মাথা খোলার কথা বলে তাকে ওখানে নিয়ে যায় ওই লোক। কিন্তু দুবলায় যাবার পর তাকে ভোর ৬টা থেকে শুরু করে পরদিন ভোর রাত ৩টা পর্যন্ত রান্না, ধোয়ামোছা, পানি টানাসহ সব কাজ করতে হতো। গত এক মাসে তাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি বলেও সাগর জানায়। সুনামগঞ্জের কিশোর রুহুল আমিন জানায়, বন্ধুর সঙ্গে সে চট্টগ্রামে বেড়াতে গিয়ে দালালের কবলে পড়ে। তিন চারদিন কাজের কথা বলে তাকে দুবলা জেলে পল্লীতে নিয়ে আসে। এর পর থেকে তাকে দিয়ে জোর করে বিভিন্ন কাজ করায় বলে জানায় সে। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার নজরুল ইসলাম জানান, মোটা টাকার লোভ দেখিয়ে বহদ্দাররা এদের দেশের বিভিন্ন এলাকা থেকে এনে দুবলার চরে শুটকির চাতালে জোর করে কাজে লাগিয়েছিল। তাদের মংলার চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। আটকদের মংলা থানায় সোপর্দ করা হয়েছে। এখনও মামলা হয়নি। মংলা থানার উপ-পরিদর্শক শওকত হোসেন বলেন, আটককৃতরা থানা হেফাজতে আছেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৪ ঘ.