ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুদ্ধাপরাধীদের বিচারে সরকার টালবাহানা করছে অভিযোগ তুলে শিগগির তাদের গ্রেপ্তার করে বিচার শুরুর দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধাদের সংগঠন পতাকা মিছিল।
শুক্রবার সকালে সংগঠনটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় পতাকাসহ একটি মিছিল নিয়ে হাইকোর্টের সামনে সমাবেশ করে।
মিছিলের উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। বক্তব্য রাখেন, মোতাহার আকন্দ, শেখ মো. আলী আমান, ফিরোজা বেগম, লাভলী ইয়াসমিন, সোহরাব উদ্দিন, শরীফ এ. কাফি, পতাকা মিছিলের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক প্রমুখ।
সমাবেশে থেকে বলা হয়, সরকার যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে টালবাহানা শুরু করেছে। তাদের একেকজন মন্ত্রী একেক সময় একেক কথা বলছেন। বিচার করছি, করবো, করা হচ্ছে ইত্যাদি ধরনের কথা বলে সমস্ত জাতির সঙ্গে একরকম তামাশা করছে। এর অবসান হওয়া প্রয়োজন।
ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা রাজপথে নেমেছি। পতাকা মিছিলের মাধ্যমে সারাদেশে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা অনেক অপেক্ষা করেছি। ৩৮ বছর পরও আমরা রক্তের ঋণ শোধ করতে পারিনি।"
পতাকা মিছিলের উদ্যোগে আগামী মাসে টাঙ্গাইলে পতাকা মিছিলের আয়োজন করা হয়েছে। পরবর্তিতে সারাদেশে একইভাবে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পতাকা মিছিল করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। মহাজোট ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সংসদে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাশ করা হয়। এরপর যুদ্ধাপরাধীদের বিচারে ব্যক্তির এবং দলবদ্ধ অপরাধীদের বিচারের ক্ষমতাসহ আরও কয়েকটি ধারা সংযুক্ত করে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাব্যুনাল) অ্যাক্ট সংশোধনও করে সরকার।
শিগগির যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করে বিচার শুরুর দাবিতে একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি, সেক্টর্স কমান্ডার ফোরামসহ বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নামারও হুমকি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৩৩৩ ঘ.
bdnews24