ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সংসদের কার্য-উপদেষ্টা কমিটির মাধ্যমে সিইসি ও নির্বাচন কমিশনার মনোনয়ন দেওয়ার বিধান রেখে আইন প্রণয়নের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।
রোববার ব্র্যাক ইন সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, "নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্য আইনী কাঠামো থাকলেও কমিশনার নিয়োগের ওপরই এর নিরপেক্ষতা ও স্বচ্ছতা নির্ভর করে। তাই সংসদের কার্য-উপদেষ্টা কমিটির মাধ্যমে প্রার্থী মনোনয়ন দেওয়া উচিত।"
"প্রধানমন্ত্রীর কাছে নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে আইন করার জন্যে আমরা একটি প্রস্তাব পাঠাবো" বলেন সিইসি।
সব দলের ঐক্যমতের জন্য নির্বাচন কমিশনার নিয়োগে অনেকেই সাংবিধানিক কমিটি গঠন করার কথা বললেও সিইসি মনে করেন, সংসদের কার্য-উপদেষ্টা কমিটির মাধ্যমেই এ নিয়োগ হতে পারে।
সংসদের কার্য-উপদেষ্টা কমিটিতে স্পিকার সভাপতি, সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা সদস্য থাকেন।
ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে কমিশন সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে অধ্যাদেশ প্রণয়নের জন্য খসড়া প্রস্তাব পাঠিয়েছিলো। এতে একজন মহিলাসহ তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের সুপারিশ করা হয়েছিলো।
তখন নির্বাচন কমিশনারের পদ শূন্য হওয়ার কমপক্ষে এক মাস আগে সিইসিকে আহ্বায়ক করে চার সদস্যের সার্চ কমিটি গঠন এবং সিইসি ও কমিশনার পদের জন্য তাদের বাছাই করা নাম কার্য-উপদেষ্টা কমিটিতে পাঠানোর প্রস্তাব করা হয়।
গোল টেবিল আলোচনায় সিইসি বলেন, "সরকারের অনুগ্রহে নির্বাচন কমিশনার নিয়োগ হলে কিংবা সাংবিধানিক পদের কাউকে আরেকটি সাংবিধানিক পদে নিয়োগ দিলে স্বচ্ছতা-নিরপক্ষেতা থাকে না।"
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিচারপতি এমএ আজিজকে আপিল বিভাগ থেকে সিইসি নিয়োগ দেওয়া হয়। এছাড়া পরবর্তী সময়ে ইয়াজউদ্দিন সরকারের আমলে আরও চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।
এভাবে নির্বাচন কমিশনার নিয়োগে অনিয়মের ইঙ্গিত করে এটিএম শামসুল হুদা বলেন, "ইসি যতই স্বাধীন হোক, সঠিক লোক নিয়োগ না দিলে তাতে কোনও কাজের কাজ হবে না। সঠিক ও যোগ্য লোককেই এ পদে নিয়োগ দিতে হবে।"
বিচারপতি এমএ আজিজ কমিশনের সমালোচনা করে সিইসি বলেন, "গত কমিশন আমাদের জন্য কিছুই রেখে যায়নি। আমরা শূন্য থেকে শুরু করেছি। আমরা আগামীর জন্য একটি সফল নির্বাচন কমিশন রেখে যেতে চাই।"
এ সময় সিইসি বর্তমান কমিশনের বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরেন।
স্বাধীনতা-উত্তর থেকে এ পর্যন্ত নির্বাচন কমিশনে ১০ জন সিইসি ও ১৯ নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন।
২০০৭ সালের ফেব্র"য়ারিতে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি নিয়োগ পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/১৫২৩ ঘ.
bdnews24