নাটোর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে বুধবার সকালে আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
এর মধ্যে গুলিবিদ্ধ মোশারফ হোসেন (৪৫) নামের এক ভ্যানচালককে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি।
গুরুদাসপুর উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁচকৈড় বাজারের ইসলামী ব্যাংক ভবনের সামনে সকাল ১১টায় স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় তারা দেশীয় আগ্নেয়াস্ত্র, ইটপাটকেল ও ব্যবহার করে তারা।
ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়। এ ছাড়া একজন গুলিবিদ্ধও হয়।
গুরুদাসপুর থানার ওসি মো. ইব্রাহীম জানান, এ ঘটনায় উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার জেলার আইন-শৃঙ্খলা সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু আ. লীগ নেতাদের কাছে শুনেছেন নিজ দলের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ। সভায় পুলিশ বলেছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে গিয়ে তারা এখন অতিষ্ঠ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২০ ঘ.
bdnews24