ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার ভারতীয় 'জঙ্গি নেতা' এমদাদুল্লাহ মাহবুবকে জিজ্ঞাসাবাদে চার দিনের জন্য নিজেদের হেফাজতে (রিমান্ড) নিয়েছে পুলিশ।
পুলিশ সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানালেও ঢাকার মহানগর হাকিম মুমিনুল হাসান শুক্রবার চার দিন হেফাজতের নির্দেশ দেন।
গোয়েন্দা পুলিশ বুধবার রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে মাহবুবকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, মাহবুব লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে যুক্ত।
আদালতে রিমান্ডের আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আশরাফ হোসেন।
আবেদনে বলা হয়, গ্রেপ্তার মাহবুব লস্কর-ই-তৈয়্যেবার আদর্শ নিয়ে গঠিত আসিফ রেজা কমান্ডো ফোর্সের বাংলাদেশ অঞ্চলের প্রধান। বাংলাদেশে তার সহযোগীদের নাম-ঠিকানা উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত বছরের নভেম্বরে ভারতের 'মুম্বাই হামলা'র জন্য লস্করকে দায়ী করা হয়। মুম্বাই হামলায় বেঁচে যাওয়া একমাত্র হামলাকারী আজমল আমির কাসব লস্করের সদস্য বলেও তদন্তে প্রমাণ পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো।
পুলিশ জানায়, মাহবুবের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বাগদা থানার পদ্মপুকুর গ্রামে। তার বাবার নাম আনসার আলী ওরফে আবু আনসার।
গ্রেপ্তার এড়াতে এমদাদুল্লাহ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলো। এ সময় সে নয়টি ছদ্মনাম ব্যবহার করে।
এর আগে গত জুলাই মাসে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ভারতীয় জঙ্গি মুফতি ওবায়দুল্লাহর সঙ্গে মাহবুবের যোগাযোগ ছিল বলে পুলিশের দাবি।
মাহবুব বাংলাদেশে এসে ঢাকার উপকণ্ঠে টঙ্গিতে ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ এ চাকরি নেন। তিনি সস্ত্রীক আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় থাকতেন।
তার কাছ থেকে বাংলাদেশী ভোটার পরিচয়পত্র জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।
গত জুলাই মাসে জঙ্গি সন্দেহে মুফতি ওবায়দুল্লাহ ও মনসুর আলীসহ তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্যরা।
গত মে মাসে অপরাধ জগতের 'ডন' দাউদ ইব্রাহিমের সহযোগী আব্দুর রউফ ওরফে দাউদ মার্চেন্টসহ তিন ভারতীয় জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। দাউদ মার্চেন্ট ভারতের সঙ্গীত পরিচালক গুলশান কুমার হত্যা মামলার আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৭৫২ ঘ.
bdnews24