২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝামেলা কমিয়ে আরো স্বাধীনতা চায় দুদক

'দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সংশোধনী' প্রস্তাবে মামলার আইনজীবী নিয়োগে স্বাধীনতা চেয়েছে কমিশন (দুদক)। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের তদন্তের দায়িত্ব দুদককে অপর্ণ করে দেওয়া দণ্ডবিধির ধারা ৪০৮ বিলুপ্তিসহ চারটি বিষয় সংশোধনের জন্য আইনের খসড়াটি সরকারের কাছে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--'দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ সংশোধনী' প্রস্তাবে মামলার আইনজীবী নিয়োগে স্বাধীনতা চেয়েছে কমিশন (দুদক)। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের তদন্তের দায়িত্ব দুদককে অপর্ণ করে দেওয়া দণ্ডবিধির ধারা ৪০৮ বিলুপ্তিসহ চারটি বিষয় সংশোধনের জন্য আইনের খসড়াটি সরকারের কাছে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। ২৬ জানুয়ারি মন্ত্রিপরিষদের বৈঠকে 'দুর্নীতি দমন কমিশন ২০০৪ সংশোধনী প্রস্তাব' উত্থাপন করা হলেও তা সংশোধনীসহ আবার পাঠাতে বলে সরকার। বৃহস্পতিবার কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের বলেন, "কমিশনের দায়ের করা যেসব মামলার বিচারের জন্য আদালতে যায়, তাতে পক্ষ হয় সরকার। মামলাগুলোতে সরকার তার ইচ্ছে মত আইনজীবী নিয়োগসহ অন্যান্য কাজ করে থাকে। এই অবস্থায় দুদক নিজেদের পছন্দমত আইনজীবী নিয়োগসহ অন্য কাজগুলো করতে নিজেই পক্ষ হতে চায়।" কমিশন নিজেদের ঝামেলামুক্ত করতে দণ্ডবিধির ৪০৮ ধারার দায়িত্ব নিজেদের কাছে রাখতে চায় না জানিয়ে হানিফ ইকবাল বলেন, "কোম্পনীর দুর্নীতির মামলাও দুদককে তদন্ত করতে হয়। বেশির ভাগ মামলা ছোট হওয়ায় দুদকের অন্য গুরুত্বপূর্ণ কাজের ব্যাঘাত ঘটে। সংশোধনী প্রস্তাবে এই ধারাটির সংযোজন বিলুপ্তির প্রস্তাব করা হয়েছে।" কর্নেল ইকবাল জানন, দুদকের তফসিল অনুযায়ী পুলিশের দায়ের করা মামলা তদন্তের জন্য কমিশনে পাঠিয়ে দেওয়া হয়। অনেক সময় মামলার প্রাথমিক প্রতিবেদনের ক্রুটির কারণে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়না। এক্ষেত্রে মামলার আগে কমিশনের অনুমোদন নেওয়ার প্রস্তাবা রাখা হয়েছে। দুদকে বিশেষ ধরণের অপরাধ অনুসন্ধান ও তদন্তের কাজে দক্ষ জনবলের অভাব রয়েছে জানিয়ে হানিফ বলেন, "প্রস্তাবিত সংশোধনীতে সরকারের অধীনস্থ অন্য কোনো সংস্থা বা কর্তৃপক্ষ থেকে দক্ষ ও পারদর্শী কর্মকর্তাদের কমিশনে সংযুক্ত করার ক্ষমতা চাওয়া হয়েছে।" ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন হওয়ার পর এ পর্যন্ত দুই বার সংশোধন করা হয়েছে। এরমধ্যে ২০০৭ সালের ১৮ এপ্রিল এবং একই বছরের ২১ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/