ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বী সব প্রার্থীকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে কমিশন জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে।
কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ আহম্মদ খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ফরহাদ আহম্মদ খান বলেন, "নির্বাচনী আইন অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতাকারী সবাইকে নির্ধারিত সময়ে ব্যয়ের রিটার্ন দাখিল করতে হবে। ব্যর্থ হলে অথবা এই আদেশ লঙ্ঘন করলে জরিমানাসহ দুই বছরে থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।"
এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয় বিবরণী দাখিলের সুবিধার্থে ৩০ ও ৩১ জানুয়ারি (শুক্র ও শনিবার) সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও জেলা নির্বাচন অফিসারের কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের বিবরণী দাখিলের বিধান রয়েছে। এছাড়া অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে ফলাফল প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে ব্যয়ের বিবরণী দাখিল করতে হবে।
ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট ৩৮টি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক বা মহাসচিবকে চিঠি পাঠানো হয়েছে।
নবম সংসদে নির্বাচনে ১৫৬৭জন প্রার্থী অংশ নেয়। এরমধ্যে ৩৮টি রাজনৈতিক দলের ১৪২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। স্বতন্ত্র প্রার্থী ছিল ১৫১ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল