ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ও বিভিন্ন মহল সাজানো ছকে নির্বাচনের 'পাঁয়তারা' করছে বলে অভিযোগ এনেছে ১১ সংগঠনের জোট 'গণতান্ত্রিক বাম মোর্চা'। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টির জন্যে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারসহ ৫ দফা দাবি জানিয়েছে মোর্চা।
শনিবার রাজধানীর তোপখানা রোডের বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুস সালাম এ দাবি জানান।
তিনি বলেন, "জরুরি অবস্থা জারি ও জনগণের মৌলিক অধিকার স্থগিত রেখে আংশিক বিধিনিষেধ সাময়িক প্রত্যাহার করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের সুযোগ নেই। বোঝাই যাচ্ছে যে সরকার ও বিভিন্ন মহল নির্বাচনসহ দেশের রাজনীতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে সজানো ছকে নির্বাচনের পাঁয়তারা করছে।"
বাম মোর্চার ৫ দফা দাবি হলো- জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সাংবাদ মাধ্যমে সরকারের অনাকাঙ্খিত হস্তক্ষেপ বন্ধ করা এবং নির্বাচনী ব্যবস্থায় কার্যকর সংস্কার আনা।
এক প্রশ্নের জবাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, "বাম মোর্চা আগামী নির্বাচনে বিএনপি কিংবা আওয়মী লীগ নেতৃত্বাধীন কোনো জোটে যাবে না। আর বর্তমান পরিস্থিতিতে ১৮ ডিসেম্বরের নির্বাচনে যাওয়া কিংবা অন্য কোনো জোটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পরে বৈঠকে বসবে মোর্চা।''
অন্যান্যের মধ্যে বাসদের আহ্বায়ক কমিটির সদস্য বজলুর রশীদ, বিপ্লবী ঐক্যফ্রন্টের সমন্বয়ক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, জাতীয় গণফ্রন্টের নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাম মোর্চাভুক্ত সংগঠনগুলো হচ্ছে- বাসদ, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ঐক্য ফ্রন্ট, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএলএম), গণতান্ত্রিক মজদুর পার্টি, সিপিবি (এমএল), গণসংহতি আন্দোলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, শ্রমজীবী মুক্তি আন্দোলন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৬৫০ ঘ.
bdnews24