২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতির আশা পূর্বাভাস কেন্দ্রের

মঙ্গলবার থেকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। রোববার রাজধানীর মতিঝিলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ব্রহ্মপুত্র নদের নুনখোয়া পয়েন্টে পানি কমতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার থেকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম। রোববার রাজধানীর মতিঝিলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "ব্রহ্মপুত্র নদের নুনখোয়া পয়েন্টে পানি কমতে শুরু করেছে। যমুনা নদীর অবস্থা স্থিতিশীল। সোমবার থেকে যমুনার পানি কমতে পারে। আর তা হলে পদ্মার পানিও কমা শুরু হবে।" সাইফুল ইসলাম বলেন, "আগামী তিন চার দিন পর আর কোনো পয়েন্টে পানি বাড়ার আশঙ্কা নেই। আশা করি, মঙ্গলবার থেকেই বন্যা পরিস্থিতির উন্নতি হবে।" পাউবো'র মহাপরিচালক এইচ এস মোজাদ্দাদ ফারুক বলেন, "সাত আট দিন পর পূর্ণিমা। তখন পানি আর না বাড়লে এবার আর পানি বাড়ার আশঙ্কা নেই।" সাইফুল ইসলাম বিহারের বন্যার কারণে বাংলাদেশে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "বিহারের বন্যার পানি আরো এক সপ্তাহ আগে পদ্মা দিয়ে নেমে গেছে। তখন পদ্মার পানিও বেড়েছিল। এখন বিহারের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।" পাউবো মহাপরিচালক বলেন, "প্রতি বছর দেশের ২০ থেকে ২৫ ভাগ নিচু এলাকা প্লাবিত হয়। এটা স্বাভাবিক বন্যা। আমাদের কৃষির জন্যও এটা উপকারী।" দেশে এবার কতভাগ এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে- এ প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, "আমাদের কাছে এর সঠিক তথ্য নেই। তবে আনুমানিক ২০ থেকে ২৫ ভাগ এলাকা এবার প্লাবিত হয়েছে।" বন্যায় বিভিন্ন জায়গার বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়া প্রসঙ্গে মোজাদ্দাদ ফারুক বলেন, "প্রকৃতির ওপর আমাদের হাত খুব কম। তারপরও আমরা মানুষের জানমাল রক্ষায় চেষ্টা করে যাচ্ছি।" পাউবো'র মহাপরিচালক বলেন, "গতবছর যেসব বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল টাকার অভাবে সেসব আমরা পুরোপুরি মেরামত করতে পারিনি। নতুন করে ভাঙন হলে সেখানে কাজ করার জন্য যথেষ্ট টাকাও আমাদের হাতে নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএইচবি/২০৫০ ঘ.