ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদযাত্রা করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের জন্য চার দলীয় জোটের কর্মসূচি জরুরি বিধির পরিপন্থী ঘোষণা করে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও তার ছেলে তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বৃহস্পতিবার সকালে চারদলীয় জোটের এ কর্মসূচি পালনের কথা।
বুধবার রাতে ডিএমপি'র এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, 'পূর্বানুমতি ব্যতিত এ ধরনের সমাবেশ ও পদযাত্রা কর্মসূচি পালন জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর পরিপন্থী। এ অবস্থায় এ কর্মসূচি পালন থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।'
এ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পদযাত্রা বা সভা সমাবেশের আয়োজন করা জরুরি বিধিমালার সম্পূর্ণ লঙ্ঘন। আমরা জরুরি বিধির নীতিমালাগুলো মেনে চলার জন্য তাদের অনুরোধ করেছি।"
এ নিষেধাজ্ঞার ব্যাপারে বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির মহাসচিব আগামীকাল (বৃহস্পতিবার) সকালে কর্মসূচি শুরুর আগে শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।"
এদিকে বুধবার সন্ধ্যায় যুব দলের প্রতীক অনশন কর্মসূচিতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) চার দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে।
এ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এএনএস/জেকে/এমএইচবি/২২২৬ ঘ.
bdnews24