ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচণ্ডকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "প্রচণ্ডের নেতৃত্বে নেপালে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজ নতুন গতি পাবে বলে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন।"
একই সঙ্গে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও আশাবাদী ফখরুদ্দীন আহমদ।
তিনি নেপালের নতুন প্রধানমন্ত্রী প্রচণ্ডের দীর্ঘজীবন, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
শুক্রবার নেপালের আইনসভা মাওবাদীদের শীর্ষ নেতা পুষ্প কমল দাহাল প্রচণ্ডকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে। আইনসভার মোট ৫৭৭টি ভোটের মধ্যে ৪৬৪টি ভোট পেয়ে বিজয়ী হন প্রচণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৪১ ঘ.
bdnews24