নোয়াখালী, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর নিঝুম দ্বীপের কাছে বঙ্গোপসাগরে শনিবার ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলে ও মাঝিমাল্লা এখনও নিখোঁজ রয়েছেন। রোববার ভোরে আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ পাঁচজন হলেন- জহির (৪০), লিটন (১৭), রবিউল (৪০), নবী (২৭) ও রফিক (৩৫)। এদের সবার বাড়ি নিঝুম দ্বীপে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বণিক জানান, শনিবার সন্ধ্যার পর ট্রলারটি ১৩ জন জেলে ও মাঝিমাল্লাসহ বঙ্গোপসাগরে ডুবে যায়। খবর পাওয়ার পর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ রোববার ভোরে মুমূর্ষু অবস্থায় আটজনকে উদ্ধার করে। পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
হাতিয়ার নিঝুম দ্বীপের ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার পর দমকা বাতাসের কারণে পরিস্থিতি প্রতিকূল দেখে ট্রলারটি দ্বীপের দিকে ফিরে আসতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলারের মালিক জাহাঙ্গীর মাঝিসহ ১৩ জন ছিলেন। এছাড়াও ছিল আহরিত মাছ এবং জাল।
তিনি আরও জাজান, সাগরে মাছ ধরা অন্য ট্রলারগুলো দ্বীপে ফিরে ডুবে যাওয়া ট্রলারটির সংবাদ দিলে বিষয়টি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। এরপর নিঝুম দ্বীপের পুলিশ ফাঁড়ির সদস্যরাসহ স্থানীয় জনগণ রাতভর সাগরে খোঁজাখুঁজি করে। রোববার ভোরে জাহাঙ্গীর মাঝিসহ আটজনকে উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৮ ঘ.
bdnews24