ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরী এলাকায় জলাবদ্ধতা দূর করতে চলতি বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ এবং দখল হওয়া খালগুলো উদ্ধার করে সংস্কার করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে এক সভায় বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুড়ির কারণ তদন্ত করে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছে।
উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রণালয়ের সচিব শেখ খুরশীদ আলম, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঢাকা সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আনোয়ারুল ইকবাল জানান, সরকারের নিষেধ সত্ত্বেও ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের পক্ষ থেকে বর্ষা মৌসুমে রাজধানীর বিভিন্ন সড়কে কাটাকাটি ও খোঁড়াখুড়ির কাজ চলছে। উপদেষ্টা বলেন, "হয়তো অনেক প্রতিষ্ঠান সময়মতো অনুমতি না পাওয়ায় বিলম্বে কাটাকাটি করছে। কিন্তু এসব বন্ধ করতে বলা হয়েছে।"
রাজধানীসহ বিভিন্ন শহরে বর্ষার সময় নির্মাণ কাজ ও সংস্কারের জন্য খোঁড়াখুড়ি একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে যা নাগরিক দুর্ভোগকে বহুলাংশে বাড়িয়ে তোলে। দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হলেও এর কোনো স্থায়ী সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না।
উপদেষ্টা বলেন, ওয়াসা সরাসরি মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় তাদের কাটাকাটি বন্ধ করতে বলা হয়েছে। তারা ইতোমধ্যেই তা বন্ধও করেছে। কিন্তু সিটি করপোরেশন কেন নির্দিষ্ট সময়ের পর জুলাই পর্যন্ত কাটাকাটি বা খোঁড়াখুড়ি করছে, তা দেখতে সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এসব তদন্ত করে ব্যবস্থা নেবে।
রাজধানীতে যাতে চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা না হয় সেজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উপদেষ্টা জানান। তিনি বলেন, নগরীর দখল হওয়া খালগুলো উদ্ধার ও সংস্কারে জোর দেওয়া হচ্ছে। খাল উদ্ধার করার ক্ষেত্রে বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে দাতা সংস্থাগুলোর চাপ রয়েছে। দাতাদের সহায়তা পাওয়া না যাওয়ায় এখন বস্তিবাসীদের এমনিতেই উচ্ছেদ করা হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, সাহায্য পাওয়া গেলে পরে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে।
সচিব শেখ খুরশীদ আলম জানান, ঢাকা সিটি করপোরেশনের পক্ষ থেকে চলতি বর্ষা মৌসুমে আর কাটাকাটি বা খোঁড়াখুড়ি করা হবে না বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যেসব খোঁড়াখুড়ি করা হয়েছে, তা শেষ করা হবে।
সভায় জানানো হয়, ঢাকা মহানগরীর ২৬টি খালের মধ্যে ইতোমধ্যে ১৩টি উদ্ধার করা হয়েছে। এসবের সংস্কার করা হচ্ছে। ১২টি খাল উদ্ধারের ক্ষেত্রে আদালতে মামলা ও নিষেধাজ্ঞা রয়েছে। আদালতের সিদ্ধান্ত পাওয়া গেলেই এসবও উদ্ধার করে সংস্কার শুরু করা হবে বলে কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৭৫৮ঘ.
bdnews24