ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, শেখ হাসিনা ও খালেদা জিয়ার চিকিৎসার জন্য সম্ভাব্য বিদেশ যাত্রার বিষয়ে আইনি প্রক্রিয়া সমুন্নত রাখার পাশাপাশি মানবিক দিকটিও বিবেচনায় রাখছে সরকার।
তবে তিনি বলেছেন, বিদেশ যাত্রার বিষয়টি নির্ভর করছে স্বাস্থ্য পরীক্ষায় গঠিত মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ওপর।
সোমবার গণপূর্ত মন্ত্রণালয়ে যোগাযোগ ও গণপূর্ত উপদেষ্টা গোলাম কাদের ও আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিল্লুর রহমান এ কথা বলেন।
জিল্লুর বলেন, "দুই নেত্রীর বিদেশ যাত্রার বিষয়ে আইনি প্রক্রিয়া জরুরি। একইসঙ্গে মানবিক বিষয়গুলোও বিবেচনা করা প্রয়োজন। এ কারণে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মানবিক দিকগুলোকে বিবেচনায় আনা হবে।"
সংলাপ প্রসঙ্গে উপদেষ্টা জিল্লুর রহমান বলেন, সংলাপ চলমান প্রক্রিয়া। এর মাধ্যমে সরকার নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৫৪০ঘ.
bdnews24