২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: হিউম্যান রাইটস ওয়াচ

জরুরি আইনের আওতায় কথিত গণ গ্রেপ্তার বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক থেকে বৃহস্পতিবারের তারিখে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি আইনের আওতায় কথিত গণ গ্রেপ্তার বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক থেকে বৃহস্পতিবারের তারিখে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এ আহ্বান জানায়। চলমান ধরপাকড় দৃশ্যত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে তারা। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, গ্রেপ্তারকৃতদের হয় অপরাধের তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত করা আর নয়তো অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। চলমান গ্রেপ্তার অভিযানের পেছনে রাজনৈতিক কোনও উদ্দেশ্য নেই- বাংলাদেশ সরকারের এমন দাবির মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ এ বক্তব্য দিলো। মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়, সরকারের সঙ্গে প্রধান দুই রাজনৈতিক দলের সংলাপ নিয়ে অচলাবস্থা দেখা দিতেই এ অভিযান শুরু হয়েছে। সংগঠনের পরিচালক (এশিয়া) ব্র্যাড অ্যাডামস বলেন, "গ্রেপ্তারের লক্ষ্য এবং সময় বিবেচনা করলে এটা পরিস্কার হয়ে যায় যে এ অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বোঝাই যাচ্ছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সরকারের শর্ত মেনে না নেওয়ায় তার মূল্য দিতে হচ্ছে নেতা-কর্মীদের।" সংগঠনটির বিবৃতিতে ২৮ মে থেকে কমপক্ষে ১২ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেআর/এমআই/