ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমী বায়ু চলে আসায় চলতি জুন মাসে দেশে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে। মাসের শেষ দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে স্বাভাবিক বন্যাও হতে পারে। সাগরে সৃষ্টি হতে পারে দু-একটি নিম্নচাপ। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জুন মাসে সারাদেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের শেষ দিকে উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে স্বাভাবিক বন্যা হতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, আগামী শনিবারের মধ্যে সারাদেশে মৌসুমী বায়ু বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মৌসুমী বায়ু প্রবাহ চট্টগ্রাম উপকূল পর্যন্ত চলে এসেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশের মাঝামাঝি পর্যন্ত চলে আসতে পারে।"
পশ্চিমা লঘু চাপের সঙ্গে পুবালি বায়ুর মিলনের প্রভাবে সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রাজধানীবাসী কিছুটা নাকাল হলেও প্রচণ্ড গরম থেকে স্বস্তি মিলেছে। অবশ্য রাজধানীর অনেক স্থানেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে স্কুল ছুটির পর শিক্ষার্থীরা পড়েছে চরম দুর্ভোগে। জলাবদ্ধতার কারণে যানজটে আটকে পড়া যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।
সুজিত কুমার দেব শর্মা বলেন, "পশ্চিমা লঘু চাপ ও মৌসুমী বায়ুপ্রবাহের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে বৃষ্টি হচ্ছে।"
সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত রাজধানীতে সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর মধ্যে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৭৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
এছাড়া সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত সিলেটে ২৪, শ্রীমঙ্গলে ৫৪, বগুড়ায় ৪৬, রংপুরে ৫৭, দিনাজপুর ২৬, মাইজদী কোর্টে ৫৬, চট্টগ্রামে ১০, ঈশ্বরদীতে ১৩, বরিশালে ১৬ এবং ময়মনসিংহে ১২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার বিকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। বাংলাদেশের ওপর দিয়ে পশ্চিমা লঘু চাপ কম অতিক্রম করায় এবং পুবালি ও পশ্চিমা লঘু চাপের যথাযথ মিলন না ঘটাই এর কারণ। এ সময়ে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহও বয়ে যায়। মে মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাঙামাটিতে ৩৮
bdnews24