ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের ঘূর্ণিঝড় নার্গিসে দুর্গতদের চিকিৎসা সেবা দিতে বুধবার দুটি বিমানে করে চিকিৎসক এবং ওষুধ পাঠিয়েছে সরকার।
সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলা বিমান ঘাঁটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।
সকাল নয়টায় কুর্মিটোলা বিমানবন্দর থেকে বিমানবাহিনীর এএন-৩২ বিমান প্রায় চার টন ওষুধ ও চিকিৎসা সামগ্রী এবং সকাল ১০টায় সি-১৩০ বিমান ৩৪ সদস্যের একটি চিকিৎসক দল নিয়ে মিয়ানমারের উদ্দেশে রওয়ানা হয়েছে বলে জানান লে. জেনারেল জাহাঙ্গীর ।
লে. কর্ণেল আনোয়ারের নেতৃত্বে চিকিৎসক দলটি ১৫ দিন মিয়ানমার থাকবে।
লে. কর্ণেল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিয়ানমারের দুর্যোগ আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে পারলে আমাদের ভালো লাগবে। ওই দেশে এটি বাংলাদেশ সরকারের তৃতীয় দফা সহায়তা।"
প্রতিনিধি দলের সদস্য মেজর ডা. আসকার বলেন,"দেশে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা নিয়ে মিয়ানমার যাচ্ছি। দেশের অভিজ্ঞতার আলোকেই সেখানে সহায়তা দিতে পারব।"
এসময় কুর্মিটোলা বিমান ঘাঁটির বেস কমাণ্ডার গ্র"প ক্যাপ্টেন মশিহুজ্জামান সেরনিয়াবাদ ও ব্রিগেডিয়ার জেনারেল মিজানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে বাংলাদেশ সরকারের পক্ষে মিয়ানমারে গত ৭ ও ৮ মে দ'ুদফা ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসকে/১১২০ঘ.
bdnews24