২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে কর্মসূচি

খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত প্রায় ছয় হাজার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারিদের প্রায় ১৫০ কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2008, 10:18 AM

Updated : 26 Aug 2022, 01:51 PM

খুলনা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত সাতটি পাটকলের চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত প্রায় ছয় হাজার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারিদের প্রায় ১৫০ কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ১৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শ্রমিক-কর্মচারিদের বেতন আদায় সংগ্রাম কমিটি বোরবার খুলনা প্রেসক্লাবে সংবাদিক সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ মে থেকে ২২ মে পর্যন্ত প্রত্যেক মিলে সভা, ২৪ থেকে ৩০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় প্রত্যেক মিলে মিছিল, ২৬ মে প্রত্যেক মিলের প্রধান কার্যালয়ের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতীক অনশন, ২৭ মে বিকাল ৪টায় প্লাটিনাম ফুটবল মাঠে জনসভা, ২৮ মে যশোর জুট ইন্ডাস্ট্রিজ ফুটবল মাঠে জনসভা, ৩১ মে সাতটি কারখানার চাকরিচ্যুত ও অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারি ও কর্মকর্তাসহ প্লাটিনাম জুবিলী জুট মিল গেট থেকে নতুন রাস্তা মোড় পর্যন্ত কাফনের কাপড় পরে মিছিল। ৩১ মের মধ্যে পাওনা পরিশোধ করা না হলে ২ জুন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, খুলনাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, আলীম, ইস্টার্ন, জেজেআই এবং কর্পেটিং জুট মিলের চাকরিহারা ছয় হাজার শ্রমিক-কর্মচারি বকেয়া পাওনা না পেয়ে অর্ধাহারে অনাহারে পরিবার পরিজন নিয়ে করুণ অবস্থায় দিনযাপন করছেন। ১৯৯৯ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত তারা বিভিন্নভাবে চাকরি হারিয়েছেন বা অবসরে গেছেন। ১৯৯৯ থেকে ২০০৪ এর জুন মাস পর্যন্ত কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে। কিন্তু ২০০৪ সালের জুলাই থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত আর কোন বকেয়া পরিশোধ করা হয়নি। তবে ২০০৬ সালে অবসর যাওয়া ১০৫০ জন শ্রমিকের সব পাওনা পরিশোধ করা হয়েছে। কিন্তু এর আগে ও পরে যারা অবসরে গেছেন তাদের কোন পাওনাদি দেওয়া হয়নি। সরকারের নির্দেশে ২০০৭ সালে যারা স্বেচ্ছায় অবসরে গেছেন তারাও পাওনা পেয়েছে। কিন্তু ২০০৪ সালে যারা স্বেচ্ছায় অবসরে গেছেন তাদের কিছু পাওনা এখনও পরিশোধ করা হয়নি। মিল ও বিজেএমসি কর্তৃপক্ষের কাছে অনেক আবেদন নিবেদন করেও কোন ফল হয়নি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির সদস্য আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দাবি আদায় কমিটির আহবায়ক মো. বাবুল হাওলাদার, যুগ্ম আহবায়ক আ. আজিজ ও গাজী মাহতাব উদ্দিন, সদস্য নুর মোহাম্মদ সরদার, আসাদুজ্জামান, মো. দলিল উদ্দিন, আব্দুর রাজ্জাক, মো. সুলতান সরদার, কাজী গোলাম হোসেন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৩ ঘ.