২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভুত' তাড়ানোর মিলাদেও ভুতের আছর!

কারখানা থেকে কথিত ভুত তাড়াতে মিলাদের আয়োজন করেছিল কর্তৃপক্ষ। কিন্তু সেখানেও বিপত্তি। একে একে মূর্ছা গেলেন দুই নারী শ্রমিক। মিলাদেও 'ভুতের আছরে' শঙ্কিত শ্রমিকদের স্বস্তি দিতে দ্বিতীয় দিনের মতো কারখানা বন্ধ ঘোষণায় বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2008, 10:19 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

চট্টগ্রাম, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানা থেকে কথিত ভুত তাড়াতে মিলাদের আয়োজন করেছিল কর্তৃপক্ষ। কিন্তু সেখানেও বিপত্তি। একে একে মূর্ছা গেলেন দুই নারী শ্রমিক। মিলাদেও 'ভুতের আছরে' শঙ্কিত শ্রমিকদের স্বস্তি দিতে দ্বিতীয় দিনের মতো কারখানা বন্ধ ঘোষণায় বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) তৈরি পোশাক কারখানা ইউনিভার্সেল জিন্স এ বুধবার ঘটেছে এমন অদ্ভুতুড়ে ঘটনা। ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘুরে গেলেও 'ভুত' সমস্যার সুরাহা হয়নি। পুলিশের এক কর্মকর্তা অবশ্য বলেছেন, কাজ না করার ফিকিরেই ভৌতিক আছরের 'নাটক' করছে শ্রমিকরা। মঙ্গলবার কারখানার বাথরুমে গিয়ে ভুত আতঙ্কে মূর্ছা যান দুই শ্রমিক। তাদের দাবি, বাথরুমে গেলেই ডান হাত চেপে ধরছে কথিত ভুতটি। ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পরে অন্য শ্রমিকদের মধ্যে। একপর্যায়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আতঙ্ক দূর করতে বুধবার সকালে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু সেখানেও শুরু হয় বিপত্তি। মিলাদের সময়ই দুই নারী শ্রমিক মূর্ছা গেলে আবার আতঙ্ক ছড়ায় শ্রমিকদের মধ্যে। বাধ্য হয়ে কারখানা আবার বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ইউনিভার্সেল জিন্সের ব্যবস্থাপক নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেলে 'ভুত' আতঙ্কের ঘটনায় বুধবার সকালে কারখানায় মৌলভি ডেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ চলার সময় সকাল সাড়ে ৮টার দিকে দুই নারী শ্রমিক মূর্ছা গেলে এর রেশ কারখানায় ছড়িয়ে পড়ে।" মূর্ছা যাওয়া দুই শ্রমিককে কারখানা সংশ্লিষ্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান। তিনি বলেন, "শ্রমিকরা কাজ করতে আগ্রহী না হওয়ায় কারখানা বন্ধ করে দেওয়া হয়। তবে আগামীকাল (বৃহস্পতিবার) কাজ চলবে।" এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভুত আতঙ্ক নয়, কাজ না করার জন্যই শ্রমিকরা এমন ফন্দি করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/এমআই/এমএ/১৬১০ঘ.