২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রডের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে গঠিত কমিটি সুপারিশ জমা দিয়েছে

রডের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ খতিয়ে দেখতে গঠিত কমিটি সরকারের কাছে আট দফা সুপারিশ দিয়েছে। আগামী সপ্তাহ থেকে এসব সুপারিশ বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2008, 11:04 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রডের দাম অস্বাভাবিক হারে বাড়ার কারণ খতিয়ে দেখতে গঠিত কমিটি সরকারের কাছে আট দফা সুপারিশ দিয়েছে। আগামী সপ্তাহ থেকে এসব সুপারিশ বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "প্রতিবেদনে মোট আট দফা সুপারিশ করা হয়েছে। এর মধ্যে কিছু সুপারিশ রয়েছে রাজস্ব নীতিমালা বিষয়ে। সুপারিশের মধ্যে রডের আমদানি নীতি, বাজার দর যৌক্তিক পর্যায়ে রাখা, প্রতিযোগিতামূলক বাজার তৈরি ও একচেটিয়া ব্যবসা বন্ধ করার সুপারিশ রয়েছে।" বাণিজ্য উপদেষ্টা জানান, সুপারিশগুলোর বিষয়ে স্বরাষ্ট্র, অর্থ, বাণিজ্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় বসে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। নির্বাহী আদেশের মাধ্যমে আগামী সপ্তাহে থেকে এগুলো বাস্তবায়ন করা হবে। হোসেন জিল্লুর বলেন, "রডের বাজার যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। বাজারের সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়টিও দেখতে হবে। তবে কোনো পক্ষেরই অযৌক্তিক কিছু মেনে নেওয়া হবে না। জোর করে রডের দামও নির্ধারণ করা হবে না।" তদন্ত কমিটির প্রধান ও পূর্ত সচিব এ এস এম রশিদুল হাই মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানান। পূর্ত সচিব বলেন, "প্রতিবেদন দাখিলের জন্য সময় ছিল ৩০ এপ্রিল পর্যন্ত। আমরা এ সময়ের মধ্যেই এটি সরকারের নিকট দাখিল করব।" এর আগে সোমবার রশিদুল হাইয়ের নেতৃত্বে তদন্ত কমিটি ও টাস্কফোর্সের একটি দল চট্টগ্রামের ভাটিয়ারিতে কয়েকটি শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন এবং বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে স্ক্র্যাপ জাহাজ ব্যবসায়ী, রি রোলিং মিল মালিক ও রড ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে (মঙ্গলবার বিকেল পর্যন্ত) স্ক্র্যাপ লোহা অর্থাৎ স্ক্র্যাপ প্লেটের দাম পুনর্নির্ধারণ করতে ব্যবসায়ীদের বলা হয়। তবে মঙ্গলবার পর্যন্ত চট্টগ্রামে রডের দাম অপরিবর্তিত ছিল। নগরীর ষোলশহর এলাকায় রডের দোকানগুলোতে ৪০ গ্রেডের প্রতি টন রড ৬৪ হাজার টাকা এবং ৬০ গ্রেডের প্রতি টন রড ৭০ থেকে ৭২ হাজার টাকা দরে বিক্রি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/বিআর/এএল/এসএনডি/এমএ/১৬৫৫ঘ.