ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি রোববার বিকেলে আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়েছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে।
আবওহায়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা ফারাহ দীবা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বিকেলের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়।"
আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে, নিম্নচাপটি রোববার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। যা দমকা হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ কারণে সাগর মাঝারী ধরনের উত্তাল থাকতে পারে।
নিম্নচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২২৩৮ ঘ.
bdnews24