সাভার (ঢাকা), এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে নবীনগর-কালিয়াকৈর সড়কে শনিবার রাতে একটি ট্রাক ও একটি ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে।
কবিরপুর ও বাড়ইপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে রাত ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফেরদৌস ইসলাম জানিয়েছেন।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন নারী। তাদের পরিচয় পাওয়া যায়নি। অপর নিহত ব্যক্তির নাম মামুন। তার বাড়ি বগুড়ায় বলে পুলিশ জানায়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ম্যাক্সিযাত্রী।
উপ-পরিদর্শক ফেরদৌস ইসলাম জানান, কালিয়াকৈর থেকে বাইপাইলের উদ্দেশে ছেড়ে আসা ট্রাকটির সঙ্গে কবিরপুর ও বাড়ইপাড়ার মাঝামাঝি স্থানে কালিয়াকৈরগামী যাত্রীবাহী ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ম্যাক্সি আরোহী এক নারী (২৫) ও মামুন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অপর নারীর (৩০) মৃত্যু হয় জিরানী এলাকার বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে।
মামুন বগুড়া জেলার সোনাতলা থানার নামাজখালী গ্রামের হারুন উর রশিদের ছেলে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা ফেরদৌস জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২০ ঘ.
bdnews24