পাবনা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
এর প্রতিশোধ হিসেবে সন্ত্রাসীরা আমজাদ ওরফে আনজার নামে একজনের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শামসুল হক জানান, শুক্রবার রাত ১১টার দিকে আতাইকুলা থানার স্বরগ্রাম বাজারের একটি চায়ের দোকানে জনযুদ্ধ সদস্য কবিরুল ইসলাম কবি ওরফে হুজ্জাত ওরফে হুজুর আলী ওরফে দাদা ভাই (৪২) চা পান করছিল।
এ সময় ১০ থেকে ১২ জন সশস্ত্র সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করে। পাবনা জেনারেল হাসাপাতালে ভর্তি করার পর শনিবার সন্ধ্যায় সে মারা যায়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের ভাই দানোর নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই গ্রামের চা দোকানদার আমজাদ ওরফে আনজারের (৩৬) হাত ও পায়ের রগ কেটে দেয়।
এ ব্যাপারে আতাইকুলা থানায় দু'টি মামলা হয়েছে। কেউ গ্রেপ্তার হয়নি।
ওসি জানান, নিহত কবির বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২৩৫৬ ঘ.
bdnews24