মৌলভীবাজার, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট-আখাউড়া রুটের শ্রীমঙ্গলের ভানুগাছ স্টেশনের কাছে ছাতকগামী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শনিবার রাত পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশন মাস্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত ১০টার দিকে জানান, পৌনে ৯টার দিকে ভানুগাছ স্টেশনের হোম ও আউটার সিগন্যালের মাঝামাঝি এলাকায় ওয়াগন-৮৬৪৫১ এর দুটি চাকা লাইনচ্যুত হয়।
ট্রেনটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে সিলেটর ছাতক যাচ্ছিল।
তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের জন্য রাত সোয়া ১০টার দিকে সিলেট থেকে একটি 'টুল ভ্যান' রওয়ানা হয়েছে। দুর্ঘটনাস্থলে পৌঁছাতে এর কমপক্ষে দুই ঘণ্টা সময় লাগবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৪৩ ঘ.
bdnews24