রংপুর, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোতয়ালি থানা হাজত থেকে এক আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় শনিবার কর্তব্যে অবহেলার অভিযোগে থানার এক সহকারী উপ পরিদর্শক ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- উপ পরিদর্শক আশরাফুল ইসলাম এবং কনস্টেবল আব্দুর রাজ্জাক ও ওয়াহেদুজ্জামান।
বিপ্লব নামের এক আসামিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছিল বলে থানা সূত্রে জানা গেছে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ হাশেমী জানান, বিপ্লব নামে এক আসামিকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। বিপ্লব রংপুর শহরের বাবু খাঁ মহল্লার দুলু মিয়ার ছেলে। শুক্রবার তাকে আদালতে চালান দেওয়ার জন্য থানা হাজত থেকে বের করার পর তিনি পালিয়ে যান।
এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে শনিবার তিন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয় বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১০৩৬ ঘ.
bdnews24