ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম রেলপথে খুন ও রেল ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এরা হলেন- সুজাত, মহরম, বাবুল ও নাসিমা। রাত আটটার দিকে এদের আখাউড়া জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৩ মার্চ ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে খুন ও ডাকাতির ঘটনা ঘটে।
র্যাব-৯ এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মাজাহারুল হক জানান, ট্রেনে ডাকাতির ঘটনার তদন্ত চলাকালে গত ৬ এপ্রিল গঙ্গাসাগরে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে রাকিব ও শাহীন নামের দুইজন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট থেকে শনিবার সুজাত, মহরম, বাবুল ও রাকিবের স্ত্রী নাসিমাকে গ্রেপ্তার করে। উদ্ধার করে লুন্ঠিত কয়েকটি মোবাইল ফোন সেট, কিছু কাপড়চোপড়, ছুরির কভার, মুখোশ, টুপি ইত্যাদি।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে মাজাহারুল হক জানান, চট্টগ্রাম থেকে যাত্রীবেশে এরা পাঁচজন ওইদিন ট্রেনে ওঠে। ট্রেনটি কুমিল্লা আসার পর তারা মুখোশ পরে ডাকাতি শুরু করে। কসবা এলাকায় ৪/৫ জনের আরেকটি দল লুন্ঠিত মালামাল নেওয়ার জন্য অবস্থান করছিল। তদন্তের স্বার্থে এদের নাম প্রকাশ করেননি তিনি।
তিনি আরও জানান, ডাকাতির সময় তারা নগদ ৪৫ হাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ সময় ডাকাতদের চিনে ফেলার আশংকায় ট্রেনের কর্তব্যরত অ্যাটেনডেন্ট শামছুল হককে শৌচাগারে নিয়ে হাত-পা বেঁধে জবাই করে হত্যা করে।
ডাকাতি শেষে তারা কসবার আগে ইমামবাড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে যায়।
এ ঘটনায় পরদিন আখাউড়া জিআরপি থানায় খুনসহ ডাকাতির মামলা হয়।
রাকিব ও শাহীনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। শাহীন অস্ত্র মামলার অভিযুক্ত আসামি বলেও জানান মাজাহারুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৩ ঘ.
bdnews24